
আন্তর্জাতিক জাদুঘর দিবস ছিল গতকাল রোববার। বাংলাদেশ জাতীয় জাদুঘর শোভাযাত্রা, সমকালীন শিল্পকলার বিশেষ প্রদর্শনী এবং সেমিনারের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে৷ সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। বর্ণিল বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। শোভাযাত্রাটি জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয়৷
পরে জাদুঘরের সমকালীন শিল্পকলার বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদর্শনীর পর শুরু হয় সেমিনার।
জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ সিমিন হোসেন রিমি। শুভেচ্ছা বক্তব্য দেন জাদুঘরের প্রথম মহাপরিচালক এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন সৈয়দ আবুল বারক আলভী৷ সেমিনারে সভাপতিত্ব করেন জাদুঘরের প্রযত্ন পর্ষদের সভাপতি আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম।
প্রদর্শনীর উদ্বোধন করে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় জাদুঘর কেবল ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহশালা নয়, এটি আমাদের গর্বের জায়গা, যা সকলকে উদ্দীপ্ত করে৷ তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্রছাত্রীদের বেশি করে জাদুঘরে আনতে হবে, যাতে তারা দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে৷’ তিনি বলেন, সরকার জাতীয় জাদুঘরের পাশাপাশি বৃহৎ পরিসরে ভিন্ন একটি স্থানে ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’ গড়ে তোলার ব্যাপারটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে৷
সেমিনারে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগের িকপার (চলতি দায়িত্ব) শিখা নূর মুন্সী এবং ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের উপিকপান নীরু শামসুন্নাহার প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আলোচক ছিলেন মফিদুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, মো. অদুদুল বারী চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ও স্বপন কুমার বিশ্বাস।