জাদুঘরে উত্তরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় সংস্কৃতি সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে আত্মসচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ‘উত্তরের গান’ শীর্ষক লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হলো জাতীয় জাদুঘরে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ মোড় পর্যন্ত শোভাযাত্রার মধ্যে দিয়ে এ উৎসবের সূচনা হয়।
উৎসবের আয়োজন করে লালমনিরহাটের সেবামূলক উন্নয়ন প্রতিষ্ঠান আরশিনগর। সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের সূচনায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সরকার দেশীয় সংস্কৃতি সংরক্ষণে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশীয় সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতা লুমেন্ডু বলেন, বাংলাদেশের সংস্কৃতি এত ঐতিহ্যপূর্ণ, যা বহির্বিশ্বে জানা জরুরি। তিনি আরও বলেন, শুধু সংগীতের মধ্যে দিয়ে শেকড়ের সন্ধান করার পদ্ধতি পৃথিবীর কোথাও নেই।
অনুষ্ঠানের সমবেত সংগীত ‘বাড়ির কাছে আরশিনগর’ ও রংপুরের আঞ্চলিক সংগীত পরিবেশন করে সুবিধাবঞ্চিত শিশুশিল্পীরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরওয়ের মানবাধিকারকর্মী উয়েরা সেথের ও সভাপতি নীলকমল মিশ্র।
চিত্রকলা প্রদর্শনী
রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে চিত্রশিল্পী সমর মজুমদারের একক চিত্রকলা প্রদর্শনী ‘সয়েল অ্যান্ড স্পিরিট’। আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত।