
এই টু ডি-থ্রি ডির যুগে সাদাকালো ছবির প্রদর্শনী—ভাবা যায়! পুরোনো ডিস্ক চালিয়ে সাধারণ প্রজেক্টরের আলো গিয়ে পড়েছে জাদুঘরের প্রাচীন দেয়ালের মলিন পর্দায়। ১৯৬২ সালে ঋত্বিক ঘটক বানিয়েছিলেন সুবর্ণরেখা নামের এক ছায়াছবি। আজও এর আবেদন ফুরোয়নি।
গত শনিবার থেকে ঢাকায় শুরু হয়েছে ঋত্বিক ঘটকের ছবির প্রদর্শনী। গতকাল সোমবার বিকেল থেকে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হয় কোমল গান্ধার, আমার লেনিন ও সুবর্ণরেখা। মিলনায়তনের বাইরে দায়িত্বরত চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির স্বেচ্ছাসেবক মো. ইমরান জানান, অনেক দর্শক আসছেন। তাঁদের ভেতর এমন দর্শকও আছেন, যাঁরা শুরুর দিন থেকে নিয়মিত ছবি দেখে যাচ্ছেন। এ রকমই এক দর্শক এস আই খান। প্রতিদিন কেন ছবি দেখতে আসছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছবিগুলো বারবার দেখেও নতুন মনে হয়। অবিশ্বাস্য নির্মাণ। আমি নিজে সিনেমার সঙ্গে যুক্ত; ঋত্বিক ঘটকের ছবি দেখে শেখার চেষ্টা করছি।’
মিলনায়তনের ভেতরে গিয়ে সেটা কানায় কানায় পূর্ণ দেখা যায়নি। কিন্তু সাদাকালো সময়ের সেই সোনালি সিনেমাগুলোর প্রতি যে এখনো বহু মানুষের ভালোবাসা রয়েছে, তা বুঝতে বাকি ছিল না।
আজ দেখানো হবে ঋত্বিক ঘটকের আরও তিনটি ছবি। আগামীকাল থাকবে এই নির্মাতার ওপর নির্মিত ছবির প্রদর্শনী।
জাদুঘর থেকে রিকশায় মাত্র সাত মিনিটের পথ কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে গিয়ে দেখা যায়, মঞ্চ হয়ে গেছে শহীদ মিনারের বেদি। নাটকের চরিত্রগুলো সেখানে সংলাপ আওড়াচ্ছে। খানিক দূরত্বে খুব কাছ থেকে সেই নাটক দেখছেন দর্শক। গতকাল সেখানে মঞ্চস্থ হয় তিনটি পথনাটক। এগুলো হচ্ছে অপেরার নাটক বউ, বাংলা নাট্যদলের মুক্তির ছিন্ন দলিল ও থিয়েটার আরামবাগের নাটক আগুয়ান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ১৪ দিনের অমর একুশের অনুষ্ঠান। অষ্টম দিনের এই আয়োজনে সন্ধ্যার কিছু পরেই আবৃত্তি করতে মঞ্চে আসেন রোকেয়া প্রাচী। তিনি আবৃত্তি করে শোনান কবি আনিসুল হকের ‘মানুষ জাগবে ফের’ কবিতাটি। এ ছাড়া আরও আবৃত্তি করেন তাহমিনা তমা, হাম্মাদ সোহাগ, ঋতুরাজ ফিরোজ। গান শোনান সালাহউদ্দিন সোহাগ, শ্রাবণী গুহ রায়, সালমা চৌধুরী, ইরাবতী মণ্ডল, রায়হান বিপ্লব।
এই দিনের পরিবেশনায় দলীয় সংগীত পরিবেশন করে আওয়ামী শিল্পীগোষ্ঠী, আজাদ একাডেমী, দলীয় আবৃত্তিতে অংশ নেয় মুক্তবাক, প্রজন্মকণ্ঠ ও কণ্ঠস্বরের আবৃত্তিকারেরা; স্বাধীন বাংলা বেতারের বেশ কয়েকটি গানের কোলাজের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে ‘জাগো আর্ট সেন্টার’।
মঞ্চের এক কোণে দেখা যায় সংগঠনটির সভাপতি গোলাম কুদ্দুছকে। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে এই অনুষ্ঠান হবে রবীন্দ্রসরোবরে।