জাদুঘরে কবিদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের কবিদের মিলনমেলায় বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর  ছবি: প্রথম আলো
বাংলাদেশ ও ভারতের কবিদের মিলনমেলায় বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ছবি: প্রথম আলো

শীতের বিকেলে গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বসেছিল কবিদের মিলনমেলা। বাংলাদেশ ও ভারতের কবিদের সঙ্গে ছিলেন সদ্য সমাপ্ত জাতীয় কবিতা উত্সবে আসা নরওয়ে, সুইডেন ও অস্ট্রিয়ার কবিরাও।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ভারত-বাংলাদেশ কবিতা উত্সবের মধ্য দিয়ে দুই দেশের কবিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। দুই দেশের মধ্যে কবি, সাহিত্যিক ও শিল্পীদের মধ্যে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতির চর্চা আরও সমৃদ্ধ হবে।
সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদ ও ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাংলাদেশ ও ভারতের কবিদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক গভীর ও সুনির্দিষ্ট করতে এমন আয়োজন প্রশংসনীয়। কবিদের এ মিলনমেলা নতুন আশার আলো সৃষ্টি করবে।
অনুষ্ঠানে কবি সৈয়দ শামসুল হক বলেন, কবিদের জন্য কবিতাপাঠের অনুষ্ঠান জরুরি। এতে কবিদের দক্ষতা আরও বৃদ্ধি পায়। বাংলাদেশে সাম্প্রদায়িকতা বন্ধ করতে কবিদের যে অবদান রয়েছে, তা স্বীকার করতেই হবে।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাঙালি সংস্কৃতির বিশাল অঞ্চলে মৈত্রী সৃষ্টি হবে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিসচিব রণজিত্ কুমার বিশ্বাস, জাতীয় কবিতা উত্সবের আহ্বায়ক মুহাম্মদ সামাদ, কাজী রোজী, তরিক সুজাত ও আসলাম সানী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ। তাঁরা দেশ, মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী ও প্রেমের কবিতা পড়ে শোনান।
এতে অংশ নেন বাংলাদেশের সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, আসাদ চৌধুরী, রবিউল হুসাইন, মোহাম্মদ সাদিক, কামাল চৌধুরী, কাজী রোজী, শিহাব সরকার, দিলারা হাফিজ, আনজীর লিটন প্রমুখ। বর্তমান সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কবিতা আবৃত্তি করেন নির্মলেন্দু গুণ।
ভারতের কবিদের মধ্যে কবিতা পড়েন মৃণাল বসু চৌধুরী, শ্যামল কান্তি দাশ, বীথি চট্টোপাধ্যায়, নমিতা চৌধুরী ও শাকিল দাশ।
এ ছাড়া নরওয়ের জন জে, জোনস, সুইডেনের ক্রিস্টিয়ান কার্লসন, অস্ট্রিয়ার ডরথিয়া মুলারওট কবিতা আবৃত্তি করেন।