জাদুঘরে দুর্লভ বই ও সাময়িকীর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণদাস কবিরাজের শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত, রাজা মহেন্দ্রলালের গোবিন্দ-গীতিকা বা রসিকমোহন চট্যোপাধ্যায়ের ফলিত জ্যোতিষ কিংবা কৃষ্ণদ্বৈপায়নের কূর্ম্ম পুরাণম্ ও অগ্নি পুরাণম্।এগুলো প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। এসব পুরোনো ও প্রায় বিলুপ্ত বইয়ের দেখা মিলবে জাতীয় জাদুঘরে। বিশেষ সংরক্ষণ ব্যবস্থায় এ ধরনের মোট ৬০৫টি দুর্লভ বই ১০ মার্চ পর্যন্ত দেখতে পারবেন আগ্রহীরা।গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধনের আগে আলোচনা অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস জানান, প্রদর্শনীতে কমপক্ষে ৫০ বছরের পুরোনো ও দুর্লভ বই থেকে শুরু করে প্রায় ৩০০ বছরের বেশি পুরোনো বইও রয়েছে। জাদুঘরের সংগ্রহের বিপুলসংখ্যক দুর্লভ বই ও সাময়িকী থেকে নির্বাচিত কিছু বই প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতা-সংস্কৃতির আকর এসব দুর্লভ বই ও সাময়িকীর প্রদর্শনী গবেষক, পাঠক ও দর্শকদের মনের খোরাক জোগাবে। বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না এত সব পুরোনো ও গুরুত্বপূর্ণ বই দেশের জাদুঘরে রয়েছে।’ বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে দুর্লভ বই ও সাময়িকীর ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং এশিয়াটিক সোসাইটির সভাপতি নজরুল ইসলাম।প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয় জাদুঘর গ্রন্থাগারের ৪৩৪টি বই, আহসান মঞ্জিল জাদুঘরের ৫০টি, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ৫০টি, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ৫১টি এবং এশিয়াটিক সোসাইটির ২০টি বই প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।