জাদুঘরে ‘গান্ধারীর আবেদন’
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য গান্ধারীর আবেদন। মহাভারতের কাহিনি অবলম্বনে এর আখ্যান রচিত। পুত্রস্নেহপরবশ রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বাধীনচেতা ও ব্যক্তিত্বময়ী স্ত্রী গান্ধারীর কথোপকথনের ভিত্তিতে কাব্যনাট্যটির আখ্যান এগিয়ে চলে, যেখানে প্রধান চরিত্রগুলোর মধ্যে নিজের পুত্র দুর্যোধনের ভূমিকা প্রবল। আছে পঞ্চপাণ্ডব ও তাঁদের স্ত্রী দ্রৌপদীর প্রসঙ্গও।গতকাল শুক্রবার সন্ধ্যায় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে কবির সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর যে অনুষ্ঠানমালার আয়োজন করে, তার অংশ হিসেবে এটি উপস্থাপন করে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন। নির্দেশনা দেন গোলাম সারোয়ার। প্রধান তিনটি চরিত্র ধৃতরাষ্ট্র, গান্ধারী ও দুর্যোধনের চরিত্রে রূপদান করেন যথাক্রমে জহিরুল হক খান, ইলা রহমান ও এনায়েত কাজল। এরপর ছিল রবীন্দ্রনাথের ছিন্নপত্র অবলম্বনে প্রখ্যাত আলোকচিত্রী ও উদ্ভিদবিজ্ঞানী নওয়াজেশ আহমেদ নির্মিত ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র ছিন্নপত্র-এর প্রদর্শনী। এর আগে বিকেলে ছিল আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম। সভাপতিত্ব করেন জাদুঘরের প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। ধন্যবাদ জ্ঞাপন করেন সচিব মো. ফারুক হোসেন। ‘রবীন্দ্রনাথের সংস্কৃতি ভাবনা’ শীর্ষক প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আক্তার কামাল বলেন, ‘কোনো দেশের মানচিত্রে শুধু পাহাড়-ভূমি-নদী-বনই থাকে না, উপস্থিত থাকে মানুষের বসবাসচিহ্ন। সংস্কৃতির মানচিত্রে দৃশ্যমান ও অনুপস্থিত বহু কিছুর বর্ণবহুল অনুরঞ্জনে আঁকা থাকে মানুষের জীবনযাত্রার দৃশ্য, ছবি। তবে এখানে শুধু দেশ-জাতিই থাকে না, থাকে বিপুল সময়তরঙ্গে বহমান ঐতিহ্যরাশি। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে ঐতিহ্যসহ সংস্কৃতিচর্চা বড় জায়গা জুড়ে আছে, আছে তাঁর ভাবনার বিচিত্র ধারা ও রূপান্তর।’