জাদুঘরের নতুন গ্যালারি ‘সুন্দরবন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ। গাছের ডালে ডালে পাখি। বানর ঝুলছে গাছে, আবার কোনো কোনো গাছের ডালে মৌচাক। দূরে গভীর জঙ্গলের ভেতর চুপ করে বসে আছে রয়েল বেঙ্গল টাইগার। কাচঘেরা ঘরে এসব মিলবে জাতীয় জাদুঘরের ৩ নম্বর গ্যালারিতে।জাতীয় জাদুঘরে আজ বুধবার যাত্রা শুরু করছে ‘সুন্দরবন’ শীর্ষক নতুন একটি গ্যালারি। দুপুরে বিশ্ব প্রাকৃতিক ইতিহাস বিভাগের ‘সুন্দরবন’ শীর্ষক গ্যালারি উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ ছাড়া তিনি কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করবেন।জাদুঘরে এবারই প্রথম এ ধরনের গ্যালারির কার্যক্রম চালু করেছে জাদুঘর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সুন্দরবন গ্যালারি সাজানোর কাজ চলছে। গ্যালারিতে সুন্দরবনের বিচিত্র গাছপালা, রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণসহ জীববৈচিত্র্যের বিভিন্ন পশুপাখি ও প্রাণী দিয়ে প্রাকৃতিক পরিবেশের ডিওরামার মাধ্যমে সুন্দরবনকে দেখানো হয়েছে। সেখানে আরও স্থান পেয়েছে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন নদী, খাল, চর এমনকি পর্যবেক্ষণ মঞ্চও। প্রতীকী এসব অনুষঙ্গের উপস্থাপনা প্রসঙ্গে জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, যাদের পক্ষে সুন্দরবনে গিয়ে বিশ্ব ঐতিহ্যের প্রাকৃতিক এ নিদর্শন এবং জীববৈচিত্র্যের নানা উপকরণ দেখা সম্ভব হয় না, জাদুঘরের সুন্দরবনের গ্যালারি তা অনেকাংশে পূরণ করবে। এ ছাড়া সুন্দরবন সংরক্ষণ করার জন্য জনসচেতনতা তৈরি করাও গ্যালারির উদ্দেশ্য। জাদুঘরের টিকিট কেটে গ্যালারির সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেকোনো দর্শক।কচি-কাঁচার প্রতিষ্ঠাবার্ষিকী১৯৫৬ সালের ৫ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল কচি-কাঁচার মেলা। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন কবি সুফিয়া কামাল, কবি জসীমউদ্দীন, ড. কুদরাত-এ-খুদা, রোকনুজ্জামান খান দাদাভাই, শিল্পাচার্য জয়নুল আবেদিন, ড. আবদুুল্লাহ আলমুতী শরফুদ্দীন, অধ্যাপক অজিত গুহ প্রমুখ। তাঁদের কেউই এখন আর বেঁচে নেই, কিন্তু আছে তাঁদের গড়া সংগঠন। গতকাল মঙ্গলবার ছিল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে সন্ধ্যায় সেগুনবাগিচার কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর প্রথম পর্বে ছিল আলোচনা। মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই ছিল দীপক সুমনের নির্দেশনায় খুদে বন্ধুদের অভিনয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকটি মঞ্চস্থ হয়। এরপর বক্তারা কচি-কাঁচার মেলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়ে স্মৃতিচারণা করেন। সবশেষে কচি-কাঁচার নিয়মিত আয়োজন গল্প বলা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করে সংগঠনটির শিশু সদস্য জিদান ও সায়ফা। মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের শিশুরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। শিশুদের আঁকা চিত্রে জীববৈচিত্র্য রক্ষার তাগিদ চিত্র প্রদর্শনীটির বিষয়বস্তু ছিল পরিবেশ ও জীবন নিয়ে শিশুদের চিন্তা। শিশুরাই ছিল এই প্রদর্শনীটির চিত্রশিল্পী। গত সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে খুদে শিল্পীরা তাদের নিজস্ব চিন্তাভাবনাগুলো তুলে ধরে। দেশের জীববৈচিত্র্য রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে এটির আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস ও আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার মাধ্যমে দেশের ছয়টি জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অসংখ্য খুদে চিত্রশিল্পীর আঁকা ছবি থেকে বাছাই করা সেরা ছবিগুলো প্রদর্শনীতে স্থান পায়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘জীবনের জন্য জীববৈচিত্র্য’। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক-বিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) সহায়তায় সংরক্ষিত এলাকাসহ ব্যবস্থাপনা কার্যক্রম (আইপেক) এবং জিটিজেড দ্বিতীয়বারের মতো প্রদর্শনীটির আয়োজন করে। প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিকোলাস ডিন, ইউএসএইড-বাংলাদেশের মিশন পরিচালক ডেনিস রোলিনস এবং জার্মানির দূতাবাসের প্রথম সেক্রেটারি হানস হেনরিক সেনেল বক্তব্য দেন।