প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ১০০ বছরে এর দলিল-ডকুমেন্টজাতীয় সংগ্রহের ভান্ডার যথেষ্টই সমৃদ্ধ হয়েছে। আর এসবের যথাযথ সংরক্ষণের লক্ষ্যে একটি মহাফেজখানা (আর্কাইভ) প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠানটি। মহাফেজখানার উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার। এতে জাতীয় জাদুঘরের বিভিন্ন শাখা এবং রেকর্ডরুমে রাখা নথি, দলিলপত্র, রেজিস্টার, পুরোনো পাণ্ডুলিপি, ডায়েরি, বিশিষ্ট ব্যক্তিদের লেখা চিঠিসহ ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন দলিল-দস্তাবেজ সংরক্ষণ করা হবে। বিকেলে জাদুঘরে মহাফেজখানার উদ্বোধন করেন জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক তাইবুল হাসান খান। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। শিল্পকর্ম জমা দেওয়ার আহ্বান: জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চলমান দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাদুঘরে আগামী ২৩ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য শিল্পকর্মের আলোকচিত্র জমা দেওয়ার সময়সীমা ২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ। শিল্পকর্মের রঙিন আলোকচিত্র অফিস চলার সময়ে জাদুঘরের কিপার জাহাঙ্গীর হোসেনের কাছে জমা দিতে হবে। প্রদর্শিত সেরা শিল্পকর্মগুলোর মধ্য থেকে তিনটিকে পুরস্কৃত করা হবে। অংশগ্রহণের নিয়মাবলি বাংলাদেশ জাতীয় জাদুঘর সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগে পাওয়া যাবে।ছবি মেলার আনুষ্ঠানিক সমাপনীদেশ-বিদেশের কৃতী আলোকচিত্রীদের তোলা নানা ধরনের ছবি নিয়ে গত ২৫ জানুয়ারি শুরু হয়েছিল আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা ৭’। এ উৎসবের বিভিন্ন প্রদর্শনী কাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে উৎসবের শেষ আর্টিস্টস টক-এ কথা বলেন অস্ট্রেলিয়ান আলোকচিত্রী ম্যাক্স প্যাম। সমাপনী অনুষ্ঠানে ছবি মেলা ৭-এর ওপরে একটি স্লাইড শো দেখানো হয়। সমাপনী বক্তব্য দেন উৎসবের পরিচালক শহীদুল আলম।শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ, বেঙ্গল গ্যালারি, ছবির হাট, ঢাকা আর্ট সেন্টার, এশিয়াটিক সোসাইটি অব ফাইন আর্টস, দৃক গ্যালারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। ছবি মেলার এবারের আসরে বিভিন্ন দেশ থেকে শিল্পটির বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ১৩০ জনের বেশি আলোকচিত্রী স্থানীয় আলোকচিত্রীদের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা এবং বিতর্কে অংশ নেন। এটি দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত সপ্তম ছবি মেলা। এবারের উৎসবের প্রতিপাদ্য বিষয় ছিল: ‘ভঙ্গুরতা’। এ ভঙ্গুরতা বলতে আয়োজকেরা বুঝিয়েছেন বর্তমান সমাজে বিরাজমান অস্থিতিশীলতা ও অনিশ্চয়তাকে।