জাদুঘরের শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সমাপনী শোভাযাত্রা ।  ছবি: প্রথম আলো
জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সমাপনী শোভাযাত্রা । ছবি: প্রথম আলো

মুগ্ধ হয়ে একজন দর্শক তাকিয়ে ছিলেন জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির দেয়ালে। একটি ছবিতে তাঁর তন্ময় দৃষ্টি। এই মুগ্ধতার কারণ বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম। গতকাল রোববার জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী উপলক্ষে আয়োজন করা হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের আঁকা শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী। একই সঙ্গে গতকাল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী।
গতকাল সকালে অনুষ্ঠানমালার প্রথম পর্বে আয়োজন করা হয় শোভাযাত্রা। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমমাদুল হক। শোভাযাত্রাটি জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে টিএসসি থেকে আবার জাতীয় জাদুঘরে এসে শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলা ১১টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সংস্কার করা ৭, ৯ ও ২৯ নম্বর গ্যালারি, সংরক্ষণ রসায়নাগার এবং নবনির্মিত রেপ্লিকা ভবনের ডিজিটাল উদ্বোধন করা হয়। এ ছাড়া শততম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ও গবেষণা জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। এরপর গ্যালারি পরিদর্শন এবং জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের চিত্রকর্মের বিশেষে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস। জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
জাদুঘরের নিচতলায় নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের বাছাই করা ১০০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।