জাদুঘরের সভাপতি হলেন হাশেম খান

বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি হলেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান। সম্প্রতি প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে হাশেম খানকে ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
হাশেম খান ২০১০ সালে প্রথমবারের মতো জাতীয় জাদুঘরের ট্রাস্টি নির্বাচিত হয়েছিলেন। ট্রাস্টি বোর্ডের মেয়াদ গত ৫ মে উত্তীর্ণ হয়। জাদুঘরের নবগঠিত ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যা হলেন আলমগীর মো. সিরাজ উদ্দিন, আমিরুল ইসলাম চৌধুরী, রবিউল হোসাইন, সুলতানা শফি, সৈয়দ মনজুরুল ইসলাম, সোনিয়া নিশাত আমিন, মো. মোবারক হোসেন প্রমুখ। এ ছাড়া চারুকলা অনুষদের ডিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও জাদুঘরের নিদর্শন উপহার প্রদানকারীদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ট্রাস্টি এজাজুর রহমান। সদস্যসচিব হিসেবে কাজ করবেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ ১৯৮৩-এর ৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে। নবগঠিত ট্রাস্টি বোর্ডের মেয়াদ ৪ আগস্ট ২০১৯ পর্যন্ত।
বর্ণাঢ্য কর্মজীবনে শিল্পী হাশেম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাচ্যকলা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ১৯৭২ সালে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গ্রন্থ অলংকরণে প্রধান শিল্পী হিসেবে ভূমিকা রাখেন তিনি।