জাতীয় জাদুঘরের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠার ‘১০৪ বছর: প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একক বক্তৃতায় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক জাদুঘরের জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য জাদুঘরের স্কুলবাস প্রকল্পটি আবারও চালু করতে পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি সরকারি আমলার পরিবর্তে জাতীয় জাদুঘর পরিচালনার দায়িত্বে ‘জাদুঘর বিশেষজ্ঞ’ প্রয়োজন বলে মন্তব্য করেন। প্রতিষ্ঠানটির প্রশাসনিক কাঠামো ‘আমূল পরিবর্তন’ করে এর জনবল সংকট নিরসন করে গবেষণা ও প্রকাশনা খাতকে আরও বেশি সক্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
১৯১৩ সালের ২০ মার্চ প্রতিষ্ঠার পর সে বছর ৭ আগস্ট চালু হয় ঢাকা জাদুঘর। ১৯৮৩ সালের ১৭ নভেম্বর একে জাতীয় জাদুঘরের স্বীকৃতি দেওয়া হয়।