জাতীয় জাদুঘরে জায়গাস্বল্পতায় দর্শনার্থীরা সংগ্রহীত প্রায় ৮৬ হাজার নিদর্শনের মধ্যে মাত্র ১৫ শতাংশ দেখার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে নিদর্শনগুলো যথাযথ সংরক্ষণেরও তেমন কোনো সুযোগ নেই। এ প্রতিষ্ঠানের জনবল ও বাজেটস্বল্পতাও প্রকট।এই বাস্তবতায় আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জাদুঘরে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচি ও জাদুঘরের ৩৮ নম্বর গ্যালারির প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ১৯৭৭ সালে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ দিবসটি ঘোষণা করে। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘পরিবর্তিত বিশ্বে জাদুঘর: নতুন চ্যালেঞ্জ, নতুন প্রেরণা’। সংশ্লিষ্টদের মতে, একটি দেশে জাদুঘর তরুণ প্রজন্ম ও জনগণকে সচেতন ও শিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় জাদুঘর আগামী বছর ১০০ বছরে পা দেবে। তবে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের দিকে ততটা নজর দেওয়া হয়নি। তাই প্রতিষ্ঠানটির জন্য দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি জরুরি ।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১৯৮৩ সালের ১৭ নভেম্বর জাতীয় জাদুঘর যাত্রা শুরু করে। তবে এর আগে ১৯১৩ সালে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের (বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) একটি ঘরে ‘ঢাকা জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এক বছর পর ৩৭৯টি নিদর্শনসহ জাদুঘরটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় স্থানান্তরের পর বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ ১৯৮৩ জারি করে ঢাকা জাদুঘরের সব সম্পদ, নিদর্শন, দায়দায়িত্ব, কর্মচারী-কর্মকর্তা জাতীয় জাদুঘরের সঙ্গে আত্তীকৃত করা হয়। বর্তমানে এ জাদুঘরের ভান্ডারে আছে প্রায় ৮৬ হাজার নিদর্শন। চারটি শাখা জাদুঘরসহ নিদর্শনের সংখ্যা এক লাখে দাঁড়িয়েছে।শাহবাগে জাতীয় জাদুঘরের চারতলা ভবনের ৪৪টি গ্যালারিতে ২০ হাজার বর্গমিটারের মধ্যে মাত্র ১৫ শাতাংশ নিদর্শন সাজানো আছে। অন্য নিদর্শনগুলো গুদামজাত করে রাখা হয়েছে। জায়গাস্বল্পতার কারণে জাদুঘর কর্তৃপক্ষ নতুন করে নিদর্শন সংগ্রহেও ভয় পাচ্ছে। কেননা, সংগ্রহ করে তা সংরক্ষণ করার উপায় নেই।জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, জায়গাস্বল্পতার কারণে সংগৃহীত নিদর্শনের বেশির ভাগই দর্শনার্থীদের দেখানো সম্ভব হচ্ছে না। জাদুঘরের পেছনে খালি জায়গায় সরকারকে একটি বহুতল ভবন নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা, জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা, সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা, প্রাকৃতিক ইতিহাসের বিভিন্ন নিদর্শন দেখতে জাদুঘরে দিনে গড়ে এক থেকে দেড় হাজার দেশি-বিদেশি দর্শক আসছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আসছে জাদুঘর দেখতে। জাদুঘরের আধুনিকায়নের বিশাল কর্মকাণ্ডের জন্য নেই পর্যাপ্ত জনবল। জাতীয় জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারীসহ মোট জনবল ৩৬৭ জন। জাদুঘর কর্তৃপক্ষ জাদুঘরের জনবল কাঠামো পরিবর্তন করে জনবল বাড়ানোরও সুপারিশ করেছে। এ প্রসঙ্গে জাদুঘরের মহাপরিচালক বলেন, দিন পাল্টাচ্ছে। বর্তমানে জাদুঘরকে তথ্যপ্রযুক্তির আওতায় আধুনিকায়নে বিভিন্ন পদ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ খুলেছে। দক্ষ জনবল তৈরির জন্য সব বিশ্ববিদ্যালয় যাতে জাদুঘর ও জাদুঘরবিষয়ক বিভাগ খুলে তাও জাদুঘরের পক্ষ থেকে সুপারিশ করা হচ্ছে। এ ছাড়া দেশে সরকারি বা বেসরকারি পর্যায়ে জাদুঘরবিষয়ক কোনো প্রশিক্ষণ একাডেমি নেই, এ ধরনের প্রতিষ্ঠান তৈরিও জরুরি। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ঢাকার আহসান মঞ্জিল জাদুঘর ও জাতীয় জাদুঘরের জন্য (তিনটির জন্য) চলতি অর্থবছরে সরকার দিয়েছে মাত্র ১২ কোটি টাকা। এ টাকার মধ্যে আট কোটি টাকা চলে যায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ। জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ‘এত অল্প টাকায় কীভাবে এ প্রতিষ্ঠান চলছে, তা নিয়ে অনেকেই অবাক হন। জাদুঘরের টিকিট বিক্রির টাকা, মিলনায়তনের ভাড়াসহ অন্যান্য কার্যক্রমের আয় ও সরকারের সহায়তা দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের আয় বাড়ানোর জন্যও দর্শনার্থীর সংখ্যা বাড়ানো প্রয়োজন।’জাতীয় জাদুঘরের সংরক্ষণ রসায়নাগার বিভাগ চালু হয় ১৯৭৪ সালে। নিদর্শন সংরক্ষণে এ বিভাগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে কর্তৃপক্ষ জানায়, এ বিভাগেও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব ও দক্ষ জনবলের স্বল্পতা আছে। এ ছাড়া জাদুঘরে নিদর্শনের রেপ্লিকা তৈরির প্রাতিষ্ঠানিক কোনো অবকাঠামো নেই। জাদুঘরে নেই একটি ‘সুভ্যেনির শপ’।নিদর্শনগুলো যথাযথ আছে কি না, সুষ্ঠুভাবে সংরক্ষণ হচ্ছে কি না, তা জানার জন্য জাদুঘর ব্যবস্থাপনায় জাদুঘর নিদর্শন নীরিক্ষার কাজটি অপরিহার্য হলেও জাতীয় জাদুঘরে কাজটি শুরু হয়েছে ২০১০-২০১১ অর্থবছরে। জাদুঘরের নিদর্শনের বিজ্ঞানভিত্তিক সংরক্ষণ ও পুনরায়নের আওতায় ২০১০ সাল পর্যন্ত জাতীয় জাদুঘর, চারটি শাখা জাদুঘর ও দেশের অন্যান্য জাদুঘরের মাত্র ২২ হাজার নিদর্শনের সংরক্ষণ করতে পেরেছে।আগামী বছর জাদুঘর শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। বিভিন্ন সমস্যার মধ্যেও জাদুঘরকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে আধুনিকায়নের চেষ্টা চালানো হচ্ছে। চারটি শাখাসহ জাদুঘরের প্রায় এক লাখ নিদর্শনের দালিলিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় ‘অবজেক্ট আইডি’ তৈরি করছে জাতীয় জাদুঘর। অতীতে জাদুঘর থেকে বিভিন্ন নিদর্শন হারিয়ে যাওয়ার নজির রয়েছে। তাই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক করা হয়েছে। এ ছাড়া জাতীয় জাদুঘরের সঙ্গে চারটি শাখা জাদুঘরের মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোরও উদ্যোগ নিয়েছে জাদুঘর। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ডের সদস্য ও অবৈতনিক পরামর্শক অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানটির দিকে সেভাবে নজর দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরিও জরুরি।’