জানা-অজানা অড্রে হেপবার্ন - দ্বিতীয় পর্ব

সৌন্দর্য, সৌষ্ঠব, লাবণ্যের প্রতিমূর্তি তিনি। জাদুকরী মুখশ্রী দিয়ে ঘায়েল করেছেন কোটি তরুণ হৃদয়। তিনি অড্রে হেপবার্ন, ২০ শতকের হলিউডের বিশুদ্ধ প্রতিমা। তাঁর অভিনয় অসাধারণ করেছে ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিস’, ‘শ্যারেড’, ‘দ্য চিলড্রেন্স আওয়ার’, ‘প্যারিস হোয়েন ইট সিজলস’, ‘দ্য নানস স্টোরি’, ‘ফানি ফেস’, ‘হাউ টু স্টিল আ মিলিয়ন’, ‘মাই ফেয়ার লেডি’র মতো ছবিকে। এক ‘রোমান হলিডে’র জন্যই আলাদা করে মনে রাখতে হবে তাঁকে। আজ তাঁর ২৪ তম মৃত্যুবার্ষিকী। চলুন দুই পর্বে জেনে নেই তাঁর সম্পর্কে ভিন্ন রকম কিছু তথ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে...
এই মহাযুদ্ধ অড্রে হেপবার্নের জীবনে বড় ছাপ ফেলেছিল। সেসময় অড্রেরা ছিলেন নেদারল্যান্ডসে। এর আগে ছিলেন ব্রিটেনে। প্রথম বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডস নিরপেক্ষ ভূমিকা রেখেছিল। নেদারল্যান্ডস নিরাপদ ভেবে ব্রিটেন থেকে নেদারল্যান্ডসে যান অড্রের মা। কিন্তু নাৎসিরা নেদারল্যান্ডস আক্রমণ করে বসল। তাঁদের আক্রমণে অড্রের কিছু আত্মীয়ও মারা যান। ১৬ বছর বয়সী অড্রে নেদারল্যান্ডসের প্রতিরোধ যুদ্ধে যোগ দিলেন। ব্যালে শেখার ছলে গোপন তথ্য চালাচালি করতেন। প্রতিরোধ যুদ্ধের জন্য অর্থও জোগাড় করতেন দলের সঙ্গে নেচে। এই সব করতে গিয়ে একবার প্রায় ধরাও পড়ে গিয়েছিলেন নাৎসিদের হাতে। পরে অল্পের জন্য বেঁচে যান।
ব্যালে ভালোবাসতেন
পাঁচ বছর বয়স থেকে অড্রে চেয়েছিলেন, একজন ব্যালে নৃত্যশিল্পী হবেন। পোল্যান্ডের বিখ্যাত ব্যালে নৃত্যশিল্পী মারি র্যাম্বার্টের অধীনে লন্ডনে ব্যালে শিখেছিলেন অড্রে। কিন্তু ব্যালে নাচের জন্য তিনি ছিলেন বেশি লম্বা। এ নাচে নারী নৃত্যশিল্পীদের সর্বোচ্চ উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। সেখানে অড্রে ছিলেন ৫ ফুট ৭ ইঞ্চি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বহুদিন অপুষ্টিতে ভুগেছিলেন তিনি। সে কারণে প্রায়ই তাঁর শরীর খারাপ থাকত। ফলে ব্যালে আর চালিয়ে যেতে পারেননি।
অড্রের সেবায় সুস্থ সেনা পরে হলো নির্মাতা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেবিকা হিসেবেও কাজ করেছিলেন অড্রে হেপবার্ন। নেদারল্যান্ডসের শহর আর্নেমের যখন যুদ্ধ শুরু হলো, তখন মিত্র বাহিনীর আহত যোদ্ধাদের সেবা করেছেন তিনি। এদের মধ্যে একজন ছিল তরুণ ব্রিটিশ সেনা টেরেন্স ইয়াং। অড্রের সেবায় তিনি জীবন ফিরে পান। পরে এই ব্রিটিশ সেনাই চিত্রনির্মাতা হন। ২০ বছর পরে তাঁর পরিচালিত ‘ওয়েইট আনটিল ডার্ক’ ছবিতে অভিনয় করেন অড্রে হেপবার্ন।
পাঁচবার গর্ভপাত
অড্রে সাধ ছিল মা হওয়ার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপুষ্টি তাঁর পিছু ছাড়ছিল না। অতিরিক্ত কাজের চাপও ছিল আরেকটি কারণ। পরপর পাঁচবার তাঁর গর্ভপাত হয়। তবু তিনি চেষ্টা করে যান মা হওয়ার। এ জন্য নিজের ক্যারিয়ার থেকে বিরতিও নেন তিনি। শেষমেশ তাঁর দুটি পুত্রসন্তান হয়—শান হেপবার্ন ফেরার ও লুকা ডটি।
জন এফ কেনেডির জন্য ‘হ্যাপি বার্থডে’ গান
আপনি নিশ্চয়ই ভাবছেন, অড্রে হেপবার্ন আবার কবে মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির জন্য গাইলেন? ‘হ্যাপি বার্থডে’ তো গেয়েছিলেন মেরিলিন মনরো! কিন্তু অড্রেও গেয়েছিলেন। ১৯৬২ সালের ২৯ মে কেনেডির জন্মদিনে গেয়েছিলেন মনরো, আর ১৯৬৩ সালের জন্মদিনে গান করেন অড্রে। অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত, তাই এর কোনো রেকর্ড পাওয়া যাবে না। সে বছরই ২২ নভেম্বর মারা যান কেনেডি। তখন ‘মাই ফেয়ার লেডি’র শুটিং চলছিল। খবরটি শোনার পর অনেক কান্না করেছিলেন অড্রে। গুজব ছড়িয়েছিল, কিছু দিনের জন্য হলেও কেনেডি ও হেপবার্ন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।
বাংলাদেশে এসেছিলেন হেপবার্ন
ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে এসেছিলেন অড্রে হেপবার্ন। ঢাকায় তিনি আসেন ১৯৮৯ সালের ১৮ অক্টোবর। এক সপ্তাহ থেকে চলে যান ২৪ অক্টোবর। বাংলাদেশে ইউনিসেফের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি।