জানুয়ারিতে আসছে 'আন্ডার কনস্ট্রাকশন'

রুবাইয়াত হোসেনের নতুন ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২২ জানুয়ারি। এরই মধ্যে কয়েকটি প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা ও শ্যামলী।
সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে ‘রয়া’ নামের মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের গল্প ‘আন্ডার কনস্ট্রাকশন’। ‘রয়া’ থিয়েটারের মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটককে ঢাকা শহরের যক্ষপুরীর সঙ্গে তুলনা করে সে। পাশাপাশি গার্মেন্টসকর্মী ময়নার সঙ্গে ‘রয়া’র জীবনের তুলনার মধ্য দিয়ে নগরজীবনের নারীর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে এই ছবিতে।
‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী আর অভিনেতা রাহুল বোস। এ ছবিতে আরও আছেন শাহাদাত, মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী প্রমুখ।
ছবিতে গান থাকছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে রয়েছে রবীন্দ্রসংগীত ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের ডাক দিয়েছে’। গান দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করেছেন অর্ণব।
এদিকে প্রেক্ষাগৃহের আগেই ঢাকা দর্শকেরা ছবিটি দেখতে পাবেন ১৪ জানুয়ারি, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ উৎসবের উদ্বোধনী ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ । উৎসবে আবারও ছবিটি দেখা যাবে ১৮ জানুয়ারি, কেন্দ্রীয় গণ গ্রন্থাগারে।
‘আন্ডার কনস্ট্রাকশন’ রুবাইয়াত হোসেনের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি তৈরি করেন ‘মেহেরজান’ ছবিটি। ওই ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন।
রুবাইয়াত হোসেন জানান, তাঁর ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে এ বছর জুন মাসে, উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে। এরপর থেকে আরও কয়েকটি উৎসবে দেখানো হয় ছবিটি। এই উৎসবগুলোর মধ্যে ছিল কানাডার মন্ট্রিয়েল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও ক্যালগেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ব্রাজিলের সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কলাম্বিয়ার বোগোটা চলচ্চিত্র উৎসব, যুক্তরাষ্ট্রের স্কটসডেল চলচ্চিত্র উৎসব, সেইন্ট লুই চলচ্চিত্র উৎসব, হার্টল্যান্ড চলচ্চিত্র উৎসব ও আলাস্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইসরায়েলের হাইফা চলচ্চিত্র উৎসব, থাইল্যান্ডের ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল অব ব্যাংকক, কম্বোডিয়ার ফেনম ফেন চলচ্চিত্র উৎসব, সুইডেনের স্টকহোম চলচ্চিত্র উৎসব ও ভারতের কেরালা চলচ্চিত্র উৎসব।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। এ ছাড়া, ছবিটি ফিলিপাইনের সালামিন্দানাও এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে জিতেছে গোল্ডেন ডুরিয়ান পুরস্কার।