জানুয়ারিতে তপন চৌধুরীর অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন চৌধুরী
তপন চৌধুরী

তপন চৌধুরীর গানের অ্যালবাম আসবে আগামী বছর জানুয়ারি মাসে। তিনি একই সঙ্গে তিনটি অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন। প্রথমটি তপন চৌধুরীর নির্বাচিত কিছু গান নিয়ে। যে গানগুলো একসময় খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু এখন আর অ্যালবাম আকারে পাওয়া যায় না, পাওয়া গেলেও রেকর্ডিং ভালো না কিংবা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে—এমন ২০টি গান। দ্বিতীয়টি তপন চৌধুরী ও শাকিলা জাফরের যৌথ অ্যালবাম। এখানে তাঁরা যেমন দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন, আবার একক গানও গেয়েছেন। সবকটিই নতুন গান। তৃতীয়টি হচ্ছে, তপন চৌধুরীর একক গানের অ্যালবাম। আর সবকটিই মৌলিক গান। এখানে গানগুলোর সুর করেছেন সুবীর নন্দী ও মলয় চাকী। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
তপন চৌধুরী বলেন, ‘এই তিনটির মধ্যে কোনটি আগে আসবে, তা এখনই বলা যাচ্ছে না। আমি তো বাইরে থাকি। এবার দেশে আসার অন্যতম উদ্দেশ্য হলো, অ্যালবামগুলোর কাজ শেষ করে তা দ্রুত প্রকাশ করা। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও কথা হয়েছে। আশা করছি, জানুয়ারি মাসে একটি অ্যালবাম প্রকাশ করব।’