জানুয়ারিতে বিয়ে করছেন রানী-আদিত্য!
এবার বুঝি সত্যি সত্যিই দীর্ঘদিনের প্রেমিক আদিত্য চোপড়াকে বিয়ে করতে যাচ্ছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। আসছে জানুয়ারিতে গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিগত কাজের অজুহাত দেখিয়ে নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না ৩৪ বছর বয়সী এ তারকা। গুরুত্বপূর্ণ কাজটি কী, সে বিষয়ে তিনি মুখ না খুললেও তাঁর কাছের কয়েকজন বন্ধু দাবি করেছেন, নতুন বছরের শুরুতেই আদিত্যকে বিয়ে করতে যাচ্ছেন রানী। এদিকে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিনিউজ ব্যুরো জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে গাঁটছড়া বাঁধবেন রানী ও আদিত্য। এর সত্যতা নিশ্চিত করেছেন রানীর কাছের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের দাবি, সম্প্রতি রানী একটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমন সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে তাঁর ব্যবস্থাপক ওই ছবির পরিচালককে জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে আদিত্যকে বিয়ে করছেন রানী। এ জন্য তিনি কোনো কাজ হাতে রাখতে চান না। মূলত, এ কারণেই ছবিটিতে অভিনয় করতে পারছেন না তিনি। এদিকে সম্প্রতি রানী-আদিত্যের বিয়ের খবর ডালপালা মেলার পরিপ্রেক্ষিতে রানীর একজন মুখপাত্র বলেছেন, ‘বরাবরের মতো এবারও রানীর বিয়ের খবরটি সত্যি নয়। তিনি অনেক দিন থেকেই সতর্কতার সঙ্গে বেছে বেছে ছবির কাজ হাতে নিচ্ছেন। ছবির গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল ইতিবাচক সাড়া মেলে তাঁর কাছ থেকে। সম্প্রতি যে ছবির প্রস্তাব তিনি ফিরিয়েছেন, সে ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।’প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবারই রানী-আদিত্যের বিয়ের খবর রটেছে। কিন্তু শেষ পর্যন্ত সেসব রটনা আর ঘটনায় পরিণত হয়নি।