জানুয়ারিতে 'জিরো ডিগ্রি'

নায়ক মাহফুজ আহমেদ এসেছেন চলচ্চিত্র প্রযোজনায়। প্রযোজক মাহফুজ আহমেদের প্রথম ছবি জিরো ডিগ্রি মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারি মাসে। গতকাল সোমবার বিকেলে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এরই মধ্যে ফেসবুক আর ইউটিউবে ছবিটির ট্রেলার বেশ প্রশংসিত হয়েছে।
মাহফুজ বলেন, ‘জানুয়ারি মাসে ছেলেমেয়েদের পড়াশোনার চাপ কম থাকে। বাবা-মা একটু চাপমুক্ত থাকেন। প্রকৃতিতে তখন শীত। উৎসব উৎসব একটা ভাব থাকে। আমার প্রথম ছবি মুক্তির জন্য এই সময়টাকেই বেছে নিয়েছি। পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আলোচনা করে মুক্তির তারিখ চূড়ান্ত করব।’
জিরো ডিগ্রি ছবির শুটিং শুরু হয় গত বছরের নভেম্বর মাসে। মাহফুজ বলেন, ‘ঠিক এক বছর পর আমরা ছবিটির ছাড়পত্র পেয়েছি।’
জিরো ডিগ্রি ছবির টাইটেল গান গেয়েছেন জেমস। গানটির প্রথম লাইন ‘আলোটাই দেখেছ দেখোনি অন্ধকার, ভালোটাই বেসেছ দেখোনি ঘৃণার পাহাড়’।
মাহফুজ আহমেদের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান।