জানুয়ারিতে ‘টেলিভিশন’
নতুন বছরের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি টেলিভিশন। আর তা গতকাল শুক্রবার সকালে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ফারুকী আরও জানান, তাঁর টেলিভিশন ছবিটি এশিয়ার দুটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে। ৫৫তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় সেরা চিত্রনাট্য ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী এবং চিত্রগ্রাহক গোলাম মাওলা নবী। প্রতিযোগিতায় ঘেটুপুত্র কমলা পেয়েছে সেরা সংগীত পরিচালকের মনোনয়ন। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ১৪ থেকে ১৬ ডিসেম্বর হংকংয়ের ম্যাকাওতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। পুরস্কার ঘোষণা করা হবে এবং দেওয়া হবে ১৫ ডিসেম্বর সন্ধ্যায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ফক্স টিভি ও স্টার টিভি। ৫ থেকে ১১ ডিসেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব ‘সিনেম্যানিলা’। উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে টেলিভিশন। ১১ ডিসেম্বর ঘোষণা করা হবে পুরস্কারপ্রাপ্ত ছবির নাম।