জাপানফেরত মোশাররফ
দীর্ঘদিন জাপানে থাকার পর দেশে ফিরে এসেছেন ফয়সাল। জাপানে ভালো চাকরি করতেন। সুখেই কাটছিল। কিন্তু সব ছেড়ে তিনি চলে আসেন দেশে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এটি শরাফ আহমেদ পরিচালিত কামিং সুন ধারাবাহিক নাটকের ভাবনা। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালের মায়াবতী উপন্যাসের ছায়া অবলম্বনে ধারাবাহিকটি যৌথভাবে লিখেছেন সিমু নাসের ও শরাফ আহমেদ। কামিং সুন নাটকটির প্রচারের আগে সম্প্রতি এক আড্ডার আয়োজন করেন পরিচালক।নাটকে জাপান থেকে আসা যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি জানান, এর আগে তিনি একই পরিচালকের সিরিয়াস একটা কথা ছিল, প্রিয় পারভীন, হাওয়াই মিঠাই, উচ্চমাধ্যমিক সমাধান ও চৌধুরী সাহেবের থ্রি অফার নামের এক ঘণ্টার নাটকে কাজ করেছেন। আর একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, নাম ঢাকা-ময়মনসিংহ গেটলক সার্ভিস। এই ধারাবাহিকটি এখনো কোথাও প্রচারিত হয়নি। কামিং সুন নাটকটির ব্যাপারে মোশাররফ বললেন, ‘নাটকটি বেশ মজার। প্রথম আলো যেমন বদলে যাওয়ার কথা বলে, এই নাটকেও সেই ব্যাপারটি আছে। ছেলেটি অনেক কিছু বদলে দেওয়ার স্বপ্ন দেখে। আর তার সব স্বপ্নই ইতিবাচক।’মোশাররফ আরও বললেন, ‘কোনো অভিনেতা যখন একটা চরিত্রে খুব ভালো করেন, তখন অন্য পরিচালকেরা একই ধরনের চরিত্রের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু শরাফ আহমেদের নাটকগুলোতে এর ব্যতিক্রম হয়েছে। সব কটি চরিত্রই একেবারে আলাদা। আশা করছি, কামিং সুন নাটকটি থেকে দর্শক অন্য রকম আনন্দ পাবে।’এই ধারাবাহিকের অন্য অভিনয়শিল্পীরা হলেন—মারজুক রাসেল, ইলোরা গহর, মুনিরা মিঠু, শায়না, রাহা, ভাবনা প্রমুখ।