জাপানি রীতির ছাপচিত্র কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠের ফলকে আঁকা নকশা নিপুণভাবে কেটে কেটে ফুটিয়ে তোলার কাজে মগ্ন ছিলেন তরুণ শিল্পীরা। এই নকশা আঁকা হয়েছে চারটি করে ফলকে। তবে খোদাই কর্মে রয়েছে পার্থক্য। কাগজে তাঁরা মূল যে চিত্রকর্মটি করেছেন, এর সঙ্গে মিলিয়ে আলাদা করে চারটি ফলকে খোদাই করা হচ্ছে; যাতে রেখা, টেক্সচার, আদলের মূল বৈশিষ্ট্যগুলো মেশিনে ছাপ নেওয়ার সময় অক্ষুণ্ন থাকে।মালিবাগের কসমস সেন্টারের দ্বিতীয় তলায় প্রিন্ট মেকিং স্টুডিও ‘কসমস আতেলিয়ার ৭১’-এ ১৭ জুন থেকে তাঁরা ছাপচিত্রের একটি কর্মশালায় অংশ নিয়ে মেতে আছেন এই শিল্পসৃজন-কর্মে। কর্মশালায় অংশ নিয়েছেন দেশের সাতটি চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমএফএ উত্তীর্ণ তরুণ শিল্পী বা এমএফএ পর্বের শিক্ষার্থীরা। এটি পরিচালনা করছেন ঢাকা চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট শিল্পী আনিসুজ্জামান। আগামীকাল শনিবার কর্মশালাটি শেষ হবে।ছাপচিত্রকলায় কাঠখোদাই মাধ্যমটি নতুন কিছু নয়। তবে যে পদ্ধতিটি শেখানো হচ্ছে, সেটি নতুন। এখানে সাধারণত একটি বা দুটি ব্লকে কাঠখোদাইয়ের কাজ করা হতো। চার ব্লকে সাদা-কালো কাজ এখানে হয় না। আনিসুজ্জামান জানান, এ পদ্ধতিটির উদ্ভাবক জাপানের বিখ্যাত শিল্পী ফুমিয়াকি ফুকিতা। জাপানে উচ্চতর শিক্ষা গ্রহণকালে তিনি এ পদ্ধতিটি রপ্ত করেছেন। এ পদ্ধতিতে সাধারণত গর্জন কাঠের পাতলা বোর্ডে যে প্রাকৃতিক টেক্সচারগুলো থাকে, সেটাকেই বিশেষ প্রক্রিয়ায় নানা আঙ্গিকে ব্যবহার করা হয়। মূল নকশার সঙ্গে কাঠের এই আঁশের রেখা ও টেক্সচার যুক্ত হয়ে কাজটিতে নতুন মাত্রা সংযোজন করে। এ জন্যই চারটি আলাদা করে বোর্ডে খোদাই করতে হয়।আনিসুজ্জামান বলেন, জাপান থেকে ফেরার পর তিনি তাঁর নিজের কাজে এ পদ্ধতি প্রয়োগ করেন। বিষয়টি শিল্পীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করে। চারুকলা অনুষদের ছাত্রদের তিনি পদ্ধতিটি শেখাচ্ছেন। কিন্তু অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বা শিক্ষা শেষে স্বাধীনভাবে কাজ করছেন, তাঁদের পদ্ধতিটি হাতেকলমে শেখানোর জন্য কসমস এ কর্মশালার আয়োজন করেছে; এবং তিনি আনন্দের সঙ্গেই এতে যুক্ত হয়েছেন। এটি তাঁর পরিচালনায় প্রথম কর্মশালা।প্রশিক্ষণে অংশ নেওয়া সোহেল প্রানন কাজ করছিলেন বুড়িগঙ্গার দূষণ নিয়ে। কালো পানিতে ভাসছে একটি পরিত্যক্ত কোষা-নৌকা। তিনি বলেন, ‘কাজের পরিবেশ চমৎকার। একটি নতুন পদ্ধতি শেখা হচ্ছে। ছাপচিত্রের কাজে আলাদা একটি আকর্ষণ আছে। শেষ ছাপটি না নেওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না, কী হলো। অনেকটা সদ্যজাত সন্তানের মুখ দেখার মতো একটা আনন্দ আর উত্তেজনা মেশা ব্যাপার।’ নেভিন সুলতানা বলেন, ‘এ স্টুডিওতে প্রায়ই ছাপচিত্রের কর্মশালা হচ্ছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধাও পর্যাপ্ত। এখানে একটি নির্দিষ্ট মেয়াদের নিয়মিত কোর্স চালুু করলে শিল্পী বা শিক্ষার্থীরা উপকৃত হবেন। সে ক্ষেত্রে কোর্স শেষে সনদ দেওয়ার ব্যবস্থা থাকতে পারে।’প্রশিক্ষণে অংশ নিচ্ছেন রাসেলা হাসান ইমাম, সোহেল প্রানন, মিন্টু দে, ফারাহা নাজমুন, মামুর আহসান, সুলেখা চক্রবর্তী, লিটন সরকার, ইমরানুর রহমান ও আশরাফুল হাসান। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন বিশিষ্ট শিল্পী বীরেন সোম ও শিল্পরসিক নেভিন সুলতানা।