জাপানে জনপ্রিয়তার তুঙ্গে শ্রীদেবী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইংলিশ ভিংলিশ’ ছবির একটি দৃশ্যে শ্রীদেবী
‘ইংলিশ ভিংলিশ’ ছবির একটি দৃশ্যে শ্রীদেবী

ভারতে একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রীদেবী। এর কারণটাও স্পষ্ট—হিন্দি চলচ্চিত্র, হিন্দি ভাষাভাষীদের দেশ। কিন্তু তাই বলে জাপানে! ঘটনা সত্য, ‘ইংলিশ ভিংলিশ’ ছবির কল্যাণে সম্প্রতি জাপানি মেয়েদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন শ্রীদেবী। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
গত বছর মুক্তি পাওয়া ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে গৃহবধূ শশী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে সফল প্রত্যাবর্তন ঘটে শ্রীদেবীর। ছবির বিষয়বস্তু ও শ্রীদেবীর সাবলীল অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে। ছবির কাহিনিতে দেখা যায়, ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় শশীকে নিয়ে উপহাস করে তার স্বামী ও সন্তান। এ অবস্থায় একটি ইংরেজি ভাষাশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় শশী। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মধ্য দিয়ে শশী নিজের অবস্থান তৈরি করে।
টোকিওতে আইচি ওমেন’স চলচ্চিত্র উত্সবে ১ সেপ্টেম্বর ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি প্রদর্শিত হয়। এর বিষয়বস্তু জাপানি নারী দর্শকদের দারুণ নাড়া দেয়। তারা শ্রীদেবী অভিনীত শশী চরিত্রটির সঙ্গে নিজেদের অনেক সাদৃশ্য খুঁজে পায়। আসছে ডিসেম্বরে জাপানে ছবিটি মুক্তি পাচ্ছে। তবে তার আগেই শ্রীদেবীর সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে উঠেছে জাপানের নারী দর্শকেরা।
এই মুহূর্তে টোকিওতে অবস্থান করছেন ‘ইংলিশ ভিংলিশ’ ছবির প্রযোজক আর বাল্কি। তিনি বলেন, ‘জাপানি নারী দর্শকদের কাছ থেকে ছবিটি অভূতপূর্ব সাড়া পেয়েছে। তারা এটি দারুণ পছন্দ করেছে। তাদের প্রত্যেকেই শ্রীদেবী অভিনীত শশী চরিত্রটির সঙ্গে নিজেদের জীবনের ছায়া খুঁজে পেয়েছে।’

বাল্কি আরও বলেন, ‘জাপানে বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। জাপানি পরিবেশকেরা মনে করছেন, ছবিটি দারুণ সাড়া ফেলবে সেখানে।’        

‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি পরিচালনা করেছেন আর বাল্কির স্ত্রী গৌরী। শ্রীদেবীর সঙ্গে সঙ্গে তিনিও জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন বলে জানান বাল্কি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জাপানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীদেবী ও গৌরী। শ্রীদেবীর অবশ্যই জাপান ভ্রমণে যাওয়া উচিত।’