জাবেদ তপুর ‘অপেক্ষার প্রহর’
সম্প্রতি প্রযোজনা-প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে তরুণ গায়ক জাবেদ তপুর প্রথম একক অ্যালবাম অপেক্ষার প্রহর। এ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি স্থানীয় রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রযোজনা-প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, অ্যালবামটির গীতিকার, সুরকারসহ আরও অনেকে।প্রকাশনা অনুষ্ঠানে এ কে এম আরিফুর রহমান বলেন, ‘বিচ্ছিন্নভাবে দীর্ঘদিন ধরে জাবেদ তপুর গান শুনে আসছি। পরে মনে হলো তাঁকে প্রস্তাব দিই অ্যালবাম আকারে প্রকাশের জন্য।’ জাবেদ তপু বলেন, ‘ছেলেবেলায় ঘুম ভাঙত গানের সুরে। আবার ঘুমাতেও যেতাম গানের সুর নিয়েই। এভাবেই আসলে সংগীতের সঙ্গে জড়িয়ে যাওয়া। আস্তে আস্তে স্বপ্ন দেখি, একটি অ্যালবাম প্রকাশের। তারপর লেজার ভিশনের কল্যাণেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ জন্য লেজার ভিশন কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’‘অপেক্ষার প্রহর’ অ্যালবামে মোট গান আছে ১০টি। গানের কথাগুলো লিখেছেন জাহিদ আকবর, কাওনাইন সৌরভ, সাজ্জাদ হুসাইন, লুত্ফর হাসান ও সোমেশ্বর অলি। আর সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও রাজীব হোসেন।