জামাইষষ্ঠীতে কলকাতার তারকারা

জ্যৈষ্ঠ মাস এলে সনাতন ধর্মাবলম্বী বাঙালির অন্যতম প্রিয় উৎসবটি নিয়ে বেশ হইচই শুরু হয়ে যায়। বিবাহ বার্ষিকী বাদ দিলে এই একটি উৎসবই রয়েছে বিবাহিত বাঙালি দম্পতিদের জীবনে, যা নিতান্তই তাদের পারিবারিক আয়োজন। বলা হয়ে থাকে বিয়ের পর দুই পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার একটা সেতুবন্ধন জামাইষষ্ঠী। এখনো বহু বাঙালি জামাই শাশুড়ির স্নেহে রীতিমতো প্রথা মেনেই উদ্যাপন করেন দিনটি। আজ পশ্চিমবঙ্গে জামাইষষ্ঠী। বাঙালি দম্পতিদের মতো কলকাতার চলচ্চিত্র অঙ্গন এই উৎসব থেকে বঞ্চিত নয়।
ভারতের বেশ কিছু বাংলা দৈনিক পত্রিকা সূত্রে জানা গেছে, টালিগঞ্জের তারকারা আজ দুই ভাগে বিভক্ত। এক পক্ষ কাজকেই প্রাধান্য দিচ্ছে, এসব আয়োজনে খুব বেশি মাথা ঘামায় না। তো অন্য পক্ষ ব্যস্ত সময়ের মধ্যেই এই বিশেষ দিনটির জন্য আলাদা করে সময় বের করেছে।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী দম্পতির কথা ধরা যাক। এই দম্পতি বেশ জনপ্রিয়। আজ তাঁদের আনুষ্ঠানিকতা কী? খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রাজের পরিচালনায় ‘শেষ থেকে শুরু’ ছবিটি মুক্তি পেয়েছে। তাই আজ শনিবার সন্ধ্যায় শহরে ছবির প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজই শুভশ্রীকে নিয়ে রাজের নতুন ছবি ‘পরিণীতা’র প্রথম পোস্টারও প্রকাশ্যে দেখা গেল। শুভশ্রী এবং ঋত্বিকের ছবি দেওয়া ফার্স্ট পোস্টারে রয়েছে সিঁদুরের ছোঁয়া। এই ছবিটিই নাকি শ্বশুরবাড়িকে জামাইষষ্ঠীতে জামাই রাজের রিটার্ন গিফট। তাই ব্যস্ততা থাকছেই। হাসতে হাসতে রাজ বলছিলেন, ‘এখন আমার পাশের বাড়িতেই শ্বশুরবাড়ি। তাই আলাদা করে চাপ নিচ্ছি না। তবে এটুকু জানি যে জবরদস্ত আয়োজন থাকবে। বর্ধমানের রান্নার আলাদা সুখ্যাতি রয়েছেই। তাই কাল রোববার আর আলাদা করে ডায়েট করব না।’

পাওলি দাম দারুণ ব্যস্ত। ‘কণ্ঠ’ মুক্তির পর দেবের সঙ্গে ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এর মধ্যে তাঁর স্বামী বাইরে গেছেন। দুই শহরে দুজন ব্যস্ত। তাই এ বছর আলাদা করে জামাইষষ্ঠী পালন করবেন না পাওলি। তাঁর মতে, জামাইষষ্ঠী মানেই খাওয়াদাওয়া। আর সেটা সময় পেলে যেকোনো দিনই করা যায়। তাই ও যেদিন শহরে আসবে তখন একদিন সবাই মিলে খাওয়াদাওয়ার প্ল্যান করলেই হলো।

'কে আপন কে পর' থেকে শুরু করে 'দীপ জ্বেলে যাই'সহ একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন মোনালিসা পাল। বহুবার তাঁকে সঞ্চালিকার ভূমিকাতেও দেখেছেন দর্শক। গত ১৯ নভেম্বর বিয়ে করেছেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র তারকা মোনালিসা পাল। তাঁর স্বামী আইটির চাকুরে বিশ্বজিৎ সরকার। প্রথম জামাইষষ্ঠী নিয়ে বেশ উৎসাহী মোনালিসা। ইউনিটকে আগাম জানিয়ে আজকের দিনটা শুটিং থেকে ছুটি নিয়েছেন তিনি। ‘আমার থেকেও বেশি উত্তেজিত আমার মা। তাই ছুটি নিতেই হলো’ বললেন মোনালিসা।

জ্যেষ্ঠ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় জানালেন তাঁর শুড়বাড়িতে, জামাইষষ্ঠীর দিন জামাইয়ের পাতে ৫টি পদ নিশ্চিত। পাঁচ রকমের ভাজা। উপহার নিয়ে শাশ্বতর এক মজার গল্প আছে। শাশুড়িকে নাকি একবার বলেছিলেন, ‘আপনি তো কিছু উপহার দেবেনই, তা না হয় জুতাটাই দিন উপহারে।’ কিন্তু তা হওয়ার নয়, শাশুড়ি সেবার থেকেই সাফ বলেন, ‘ধুতি নাও, পাঞ্জাবি নাও, কিন্তু জুতা উপহারে দেব না!’