জামিন পেলেন সুরজ পাঞ্চোলিও!

প্রতিবেশী শিক্ষাবিদ ভার্গব প্যাটেলের গায়ে হাত তোলার অভিযোগে দায়ের করা মামলায় আদিত্য পাঞ্চোলি জামিন পাওয়ার পর এবার তাঁর ছেলে সুরজ পাঞ্চোলিও জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা থেকে জামিনে মুক্তি পেলেন। ৫০ হাজার রুপি মুচলেকার বিনিময়ে আজ সুরজের জামিন মঞ্জুর করেছেন বোম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী ১১ জুলাই পর্যন্ত সুরজকে কারাবন্দী রাখার কথা থাকলেও, নির্ধারিত সময়ের দশদিন আগেই আজ জামিনে মুক্তি পেয়ে গেলেন সুরজ। তবে কী ক্ষমতা আর প্রভাবশালী বাবার সন্তান হওয়ার কারণেই তড়িঘড়ি করে মুক্তি দেওয়া হল সুরজকে! ৫০ হাজার রুপি মুচলেকা দেওয়ার পাশাপাশি সুরজকে তাঁর পাসপোর্টও জমা দিতে হয়েছে। এ ছাড়া একদিন পরপর তাঁকে পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এর আগে গত ২৭ জুন সুরজের জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাঁকে ১১ জুলাই পর্যন্ত কারাগারে বন্দী রাখার আদেশ দিয়েছিলেন মুম্বাই সেশন কোর্ট। আদেশ দেওয়ার সময় বিচারক বলেছিলেন, ‘সুরজের বিরুদ্ধে অভিযোগপত্র এবং অন্যান্য কাগজপত্র থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, তিনি ক্রমাগতভাবে জিয়া খানের সঙ্গে অন্যায় আচরণ করেছেন। বিশেষ করে গর্ভপাতে বাধ্য করানোয় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জিয়া। সুরজের কাছ থেকে দিনের পর দিন মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হওয়ার কারণেই আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিতে বাধ্য হয়েছেন জিয়া।’
পশ্চিম মুম্বাইয়ের জুহু বিচ-সংলগ্ন নিজ বাসায় গত ৩ জুন রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলিউডের উঠতি অভিনেত্রী জিয়া খান। ক্যারিয়ার নিয়ে হতাশার পাশাপাশি প্রেমিক সুরজের কাছ থেকে প্রতারিত হওয়ার পর জিয়া কঠিন এ পথ বেছে নেন। সুইসাইড নোটেও নিজের মৃত্যুর জন্য প্রেমিক সুরজকে দায়ী করে গেছেন জিয়া। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় পেনাল কোডের ৩০৬ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল সুরজকে।
মৃত্যুর কিছুক্ষণ আগেও ফোনে সুরজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল জিয়ার। এমনকি জীবনের শেষ চিঠিতে প্রেমিক সুরজের বিষয়ে নানা গুরুতর অভিযোগ করে গেছেন তিনি। সেগুলোর মধ্যে ধর্ষণ ও গর্ভপাতের মতো বিষয়ও আছে। জিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও বয়সে ২০ বছরের বড় এক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন সুরজ। পাঞ্চোলি পরিবারে গয়না সরবরাহ করতেন ওই নারী। সুরজের অনেক অত্যাচার মুখ বুঁজে সইলেও প্রেমিকের কাছ থেকে প্রতারণার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি জিয়া। মাত্র ২৫ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন তিনি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় কেবল ব্যক্তি জিয়ারই মৃত্যু হয়নি, একটি সম্ভাবনারও অকালমৃত্যু ঘটেছে।