জামিন মিলল আদিত্যর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য পাঞ্চোলি
আদিত্য পাঞ্চোলি

প্রতিবেশী শিক্ষাবিদ ভার্গব প্যাটেলের গায়ে হাত তোলার অভিযোগে দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন উচ্ছৃঙ্খল আচরণের জন্য সমালোচিত বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলি। সম্প্রতি ৪৮ বছর বয়সী আদিত্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন মুম্বাই সেশন কোর্টের বিচারক ডি এ ঢোলাকিয়া। আদিত্যর বিরুদ্ধে দায়ের করা মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ জুলাই। এক খবরে এ তথ্য জানিয়েছে অনলাইন নিউজপোর্টাল ‘মিড-ডে’। উত্তর-পশ্চিম মুম্বাইয়ের ভারসোভা এলাকায় সপরিবারে বাস করেন আদিত্য। তিনি ১৯ জুন গাড়ি পার্কিংয়ের মতো তুচ্ছ একটি ঘটনা নিয়ে ৫৫ বছর বয়সী প্যাটেলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মদ্যপ অবস্থায় কথা-কাটাকাটির একপর্যায়ে বয়োজ্যেষ্ঠ প্যাটেলকে ঘুষি মেরে বসেন আদিত্য।

২৭ জুন বৃহস্পতিবার আদিত্যর বিরুদ্ধে গায়ে হাত তোলাসহ বেশ কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর প্রতিবেশী ভার্গব প্যাটেল। প্রমাণ হিসেবে গায়ে হাত তোলার ঘটনার সিসিটিভি ফুটেজও সরবরাহ করেন তিনি।
এর আগে গত ১৫ জানুয়ারি প্যাটেলের সঙ্গে বিবাদে জড়ান আদিত্য। প্যাটেল তাঁর বাড়ি সংস্কারের কাজ করছিলেন। এতে বিরক্ত হয়ে কয়েকজন সাঙ্গোপাঙ্গ নিয়ে প্যাটেলের বাড়িতে হাজির হন আদিত্য। তিনি প্যাটেলকে টেনেহিঁচড়ে বাড়ির ভেতর থেকে বের করে আনেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সেবারও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন প্যাটেল। কিন্তু আদিত্যর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।