জামিলের গান আর অভিনয়
জামিল হোসেন, ভারতের জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী। ‘মীরাক্কেলে আসতে চান’—এই একটি মাত্র গান গেয়ে প্রতিযোগিতায় তিনি পেয়েছিলেন আলাদা পরিচিতি। আবারও তিনি গান করছেন। ঈদের আগেই আসবে জামিলের প্রথম একক অ্যালবাম প্রেম কারে কয়। পুরো অ্যালবামের গানের সুর ও সংগীতপরিচালনা করছেন তানভীর তারেক।জামিল বললেন, ‘গানের ওপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সুযোগ হয়নি। আমার বাবা হাসমতউল্লাহ কাওয়ালি গান করেন। তিনি সিলেট বেতারের শিল্পী। ছোটবেলা ঘুম থেকে জেগে উঠতাম বাবার গান শুনে। বাবার কাছ থেকেই যতটা শিখতে পেরেছি।’আরটিভিতে বছর চারেক আগে প্রচারিত হয়েছিল নাটক দুই পক্ষ। জামিল জানালেন, এই নাটকের শিরোনাম-গান গেয়েছিলেন তিনি। তানভির তারেক জানান, পুরো অ্যালবামে থাকছে আটটি মৌলিক গান। এরই মধ্যে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জামিল। থাকছে ‘মীরাক্কেলে আসতে চান’ গানটিও। জামিল জানালেন,মীরাক্কেল থেকে ফেরার পর এবার তিনি নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাম রঙিন জামা। প্রচারিত হবে ঈদে। ২৬ থেকে ২৮ মে নাটকটির শুটিং হবে।