জামিলের ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিল
জামিল

চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘মীরাক্কেল’খ্যাত কৌতুকশিল্পী জামিল। সম্প্রতি তিনি মনিরুল ইসলাম পরিচালিত ‘স্বপ্ন যে তুই’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইমন ও আঁঁচল। শিগগির পি এ কাজলের পরিচালনায় ‘অশিক্ষিত ছেলে’ চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন বলেও জানিয়েছেন জামিল। জামিল বলেন, ‘ছবির গল্পটি চমত্কার। এখানে আমি ইমন ও আঁঁচলের বন্ধু চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রটিও অনেক মজার। ছবির দৃশ্যে দেখা যাবে, আমি কথা বলা শুরু করলে একটু পর পর আটকে যাই। যখন কেউ থাপ্পড় দেয়, তখন আবার কথা বলতে শুরু করি। ছবিতে আরও অনেক মজার দৃশ্য আছে যা সবার ভালো লাগবে।’
চলচ্চিত্রের কাজের বাইরে ঈদ উপলক্ষে ‘ইউথ ইন লাভ’ ও ‘গরীবের সুন্দর বৌ’ নামে দুটি নাটকে অভিনয় করেছেন জামিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন অভিনয়কে পেশা হিসেবে নিতে চাই। সেই সঙ্গে বিজ্ঞাপনের কাজ করতেও আগ্রহী। খুব সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছি।’
মাহফুজ আহমেদ পরিচালিত ‘আমাদের ছোট নদী’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন জামিল। ধারাবাহিক নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে।