জারার সন্ধান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী জারা রহমান। জন্ম লন্ডনে, সেখানেই বেড়ে ওঠা। দাদা হাসান রহমানের একমাত্র অবলম্বন সে। সবকিছুর প্রতিই এক ধরনের অনুসন্ধানী প্রবণতা কাজ করে জারার মনে। দাদার মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা ও উইলের কথা জানতে পারে জারা—দাদার উত্তরাধিকারী হিসেবে বাংলাদেশের পুরান ঢাকার একটি অ্যান্টিক শপের অর্ধেক মালিকানা বুঝে নিতে হবে জারাকে। দাদার দেওয়া একটি লকেট সঙ্গে নিয়ে বাংলাদেশে আসে জারা। মুখোমুখি হয় আবিরের। সেই অ্যান্টিক শপটির অর্ধেক মালিক আবির। এদিকে আবিরের দলটি একটি অলৌকিক গোয়েন্দা সংস্থার মতো কাজ করে। তারা বাংলার সেরা গুপ্তধনের সন্ধান করছে। জারা তাদের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। একসময় জারা আবিষ্কার করে, সে নিজেই ওই গুপ্তধন লাভের চাবি।’জারার এই রোমাঞ্চকর অভিযাত্রা দেখা যাবে বিবিসি প্রযোজিত নতুন ধারাবাহিক নাটক বিশ্বাস-এ। আর জারা নামের এই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত শামা রহমান। তিনি ‘নিওরোসায়েন্স অব মিউজিক্যাল ক্রিয়েটিভিটি’ নিয়ে লন্ডনের ইমপেরিয়াল কলেজে পিএইচডি করছেন।লন্ডনে ফিজিক্যাল থিয়েটারে নিয়মিত অভিনয় করেন এবং নির্দেশনাও দেন। বুলগেরিয়া টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করেছেন তিনি এবং চীনের ট্যালেন্ট শোতেও তাঁর উপস্থিতি ছিল। এ ছাড়া যুক্তরাজ্যের ব্যান্ড সংগীতের সঙ্গেও জড়িত আছেন। গান গাওয়ার পাশাপাশি সেতার বাজাতেও বেশ দক্ষ শামা।শামার মতে, বিশ্বাস নাটকে কাজের অভিজ্ঞতা তাঁর গবেষণা ও শিল্পচর্চার দুটি ধারাকেই একই সঙ্গে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে।বিটিভিতে আজ বেলা দুইটা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বিশ্বাস। এর পর পরই থাকবে বিবিসি জানালা-মজায় মজায় শেখা।