জার্মানি যাচ্ছে ওঁরাও শিশু থিয়েটার
প্রথমবারের মতো আদিবাসী শিশুনাটক জার্মানিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। আন্তর্জাতিক নাট্যোৎসবে জার্মানির লিনগেন শহরের আইয়াতা সেন্টারে দলটি নাটক পরিবেশন করবে। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনভুক্ত দিনাজপুরের আদিবাসী নাটকের এই দলটির নাম ওঁরাও শিশু থিয়েটার। আর যে নাটকটি পরিবেশন করবে তার নাম আনডি মানখি। বাংলা ভাষায় বলা হয় ভাত তরকারি। নাটকটির মূল ভাবনায় পলি কুজুর আর নাট্যরূপ নির্দেশনা দিয়েছেন তারিকুজ্জামান তারেক। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লিয়াকত আলী লাকী জানিয়েছেন, জুলাই মাসের ২১ ও ২২ তারিখে এই উৎসবে পরপর দুই দিন নাটকটির দুটি প্রদর্শনী হবে। তার আগে ১৬ জুলাই দলটি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ২৬ জুলাই দেশে ফিরে আসবে তারা।উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে লাকী বলেন, ‘ওঁরাও সম্প্রদায়ের শিশুরা হতদরিদ্র ও অবহেলিত। তাদের নিয়েই এই নাটকের দল। আমরা ওঁরাও শিশুদের জীবন নিয়ে লেখা এই নাটকের সিডি ও ডিভিডি জার্মানির এই উৎসবের আয়োজকদের কাছে পাঠিয়েছিলাম। তাঁরা নাটকটি দেখে পছন্দ করে আমাদের আমন্ত্রণ করেছেন। আদিবাসীদের জীবন নিয়ে নাটকটি দেশের বাইরে প্রদর্শন করতে পারছি বলে আমরা খুবই খুশি হয়েছি। আদিবাসীদের সংগ্রামী জীবনকে আমরা দেশের বাইরের অন্য ভাষাভাষীর মানুষের সামনে তুলে ধরতে পারব।’ তিনি বলেন, এর আগে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনভুক্ত ৫২টি শিশুনাটকের দল দেশের বাইরে নাটক পরিবেশন করার সুযোগ পেয়েছে। এই প্রথম দেশের বাইরে আদিবাসী নাটক করার সুযোগ হচ্ছে। এতে অবহেলিত আদিবাসীদের জীবন নিয়ে নাটক করার চর্চা বাড়বে।বাংলাদেশসহ সারা পৃথিবী থেকে প্রায় ২২টি নাটকের দল অংশ নিচ্ছে এ উৎসবে। আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কলম্বিয়া, চেক রিপাবলিক, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি প্রভৃতি দেশের দল অংশ নিচ্ছে।