শিল্পী ওয়াকিলুর রহমান ১৯৮৬ সালে চীনের বেইজিং সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টস থেকে চিত্রকলায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ১৯৮৮ সাল থেকে ঢাকা ও বার্লিন উভয় জায়গাতেই শিল্পচর্চা ও বসবাস করছেন তিনি। জার্মানিতে বসে আঁকা ছবি নিয়ে গতকাল মঙ্গলবার ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পীর একক প্রদর্শনী ডিপ প্রিন্ট।
গতকাল সন্ধ্যায় গ্যালারি টোয়েন্টি ওয়ান ও আর্টকনের যৌথ আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। ছোট্ট পরিসরে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন গ্যালারি টোয়েন্টি ওয়ান-এর পরিচালক শামীম সুব্রানা।
প্রদর্শনীতে জার্মানিতে আঁকা মোট ৩৮টি ছাপচিত্র প্রদর্শিত হয়েছে। শিল্পী জানালেন, ছবিগুলো ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত আঁকা। প্রদর্শনীর বেশির ভাগ কাজের প্রকাশভঙ্গি সাবলীল এবং জটিলতামুক্ত। কোথাও কোথাও রয়েছে প্রচ্ছন্ন আখ্যানের আভাস। কিছু কাজ জ্যামিতিক-বিমূর্ত। বস্তুগত ছাপচিত্রের পাশাপাশি তিনি তাঁর কাজে যোগ করেছেন শব্দ ও সংখ্যা। ছবিগুলো শিল্পীর জার্মানির জীবনের প্রলম্বিত যাত্রাকে ধারণ করে। প্রদর্শনী চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকে।
নানাআয়োজনে ‘গ্রুপথিয়েটারদিবস’ উদ্যাপিত
১৯৮০ সালের ২৯ নভেম্বর গঠিত হয়েছিল দেশের নাট্যদলগুলোর অভিভাবক সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সারা দেশের নাট্যকর্মীদের মানুষ, সমাজ, দেশ ও শিল্পের প্রতি দায়বদ্ধ থেকে নাটকের সামগ্রিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনেই গঠিত হয়েছিল সংগঠনটি। ফেডারেশনের প্রতিষ্ঠার এই দিনটি নাট্যকর্মীদের কাছে ‘গ্রুপ থিয়েটার দিবস’ হিসেবে স্বীকৃত।
প্রতিষ্ঠার তিন যুগপূর্তি এবং গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে সংগঠনটি গতকাল নানা অনুষ্ঠানের আয়োজন করে। প্রীতিসম্মিলনী, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, প্রবন্ধ পাঠ, আলোচনা ও নাটকের আংশিক মঞ্চায়নের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেন নাট্যকর্মীরা।
বিকেলে রাজধানীর নাটক সরণি (বেইলি রোড) মহিলা সমিতির সামনে নাট্যকর্মীরা সমবেত হয়ে বের করেন আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হয়। পরে সন্ধ্যায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ, আলোচনা ও নাটক মঞ্চায়ন।
আলোচনা অনুষ্ঠানে ‘ঝিমিয়ে পড়া নাট্যচর্চাকে সক্রিয় করে তুলতে নিষ্ক্রিয় নাট্য সংগঠনগুলোর কার্যক্রমকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার প্রস্তাবনা’ দিয়েছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রথম সভাপতি রামেন্দু মজুমদার। তিনি ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আতাউর রহমান, ম হামিদ, আকতারুজ্জামান, ঝুনা চৌধুরী প্রমুখ। এ আয়োজনে ‘বাংলাদেশে নাট্যচর্চার প্রবণতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আবদুস সেলিম।