
তীব্র শীতে জবুথবু ইউরোপ। এমন সময়ে বার্লিন উৎসবের উত্তাপে জমজমাট জার্মানি।
ইউরোপের অন্যতম সম্ভ্রান্ত এই চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন বিয়ার বা স্বর্ণ ভালুক। কার হাতে যাবে এই পুরস্কার, সেটা বলা বরাবরের মতোই কঠিন। উৎসবের শুরুতেই আলোচনায় উঠে এসেছে ৬৭তম এই উৎসবের কিছু ছবি।
‘টি-২ ট্রেনস্পটিং’
স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে কাঁপিয়েছিলেন দুনিয়া। ইংরেজ নির্মাতা ড্যানি বোয়েল লম্বা সময় পর আবারও আলোচনায় তাঁর সাম্প্রতিক ছবি টি-২ ট্রেনস্পটিং দিয়ে। না, বস্তির ছেলের ঘটনাচক্রে কোটিপতি হওয়ার সম্ভাবনা অথবা একজন পর্বতারোহীর পাহাড়ের গুহায় আটকে পড়ার মতো ঘটনার ছবি এবারেরটা নয়।
প্রায় ২০ বছর আগে ট্রেনস্পটিং-এর প্রথম কিস্তি তৈরি করেছিলেন ড্যানি। ট্রেনস্পটিং এরই মধ্যে তাঁকে জায়গা করে দিয়েছে ব্রিটিশ সিনেমা ইতিহাসের পাতায়। সেই ছবির সিক্যুয়াল এবারের কিস্তি। সংগত কারণেই উৎসবের শুরু থেকে আলোচনায় আছে টি-২ ট্রেনস্পটিং। লালগালিচায় হাসিমুখে উজ্জ্বল ড্যানি বোয়েল। তাঁকে দেখতে শীতকে হার মানিয়ে হামলে পড়েছেন হাজারো দর্শক। স্বাভাবিকভাবেই বার্লিন চলচ্চিত্র উৎসবে সংবাদ সম্মেলনে ড্যানিকে বলতে হয়েছে কেন এত দেরিতে এল দ্বিতীয় কিস্তি? ড্যানি উত্তরটা দিয়েছেন বেশ ঘুরিয়ে।
‘এর মধ্যে ডিজিটাল ছবির সময় এসেছে। ক্যামেরা আরও বেশি গতিশীল হয়েছে। আমি আসলে চেয়েছি ছবিটাকে মুক্ত সিনেমার ঘরানায় রাখতে।’
ইউরোপের প্রথম সারির উৎসবগুলোর বেলায় একটু ব্যতিক্রমী হলেও বার্লিন উৎসবে প্রথম প্রদর্শনী হওয়ার আগেই ২৭ জানুয়ারি ছবিটা মুক্তি পেয়েছে নিজের দেশ যুক্তরাজ্যে। লন্ডনে সিনেওয়ার্ল্ডে ৬-৯টা এই ছবির প্রদর্শনী দেখেছি। হলভর্তি দর্শক ছিল সেখানে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া ড্যানিকে স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে বেশি চিনলেও ইউরোপে তাঁর খ্যাতির শুরু এই ট্রেনস্পটিং-এর সুবাদেই। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর, ইয়ুয়েন ব্রিমনার, জনি লে মিলার ও রবার্ট কার্লাইল। পটভূমি স্কটল্যান্ড।
শুরুতে আমরা দেখি, দীর্ঘদিন পর কীভাবে এক হয় পুরোনো সব চরিত্র। ইচ্ছাকৃত জখম হয়ে কৌশলে জেল থেকে পালিয়ে আসে ফ্রাংকো। আমস্টারডাম থেকে ভগ্নহৃদয় নিয়ে এডিনবরা আসে মার্ক। এদিকে স্পাড লড়ছে নেশার সঙ্গে আর নিজের শুঁড়িখানা চালাতে হিমশিম খাচ্ছে সাইমন। ব্ল্যাকমেলিং আর গাঁজার চাষকে সে নিয়েছে ‘সাইড বিজনেস’ হিসেবে। তার সঙ্গে এসে জুটেছে ভেরোনিকা নামের রহস্যময় এক মেয়ে।
টি-২ ট্রেনস্পটিং আদতে একদল হতাশাগ্রস্ত মানুষের জীবনের অর্থ খোঁজার গল্প। মন মাতানো মিউজিক আর দ্রুতলয়ের ব্যতিক্রমী ভিজুয়াল স্টাইল মিলিয়ে টি-২ ট্রেনস্পটিং দর্শক পছন্দের তালিকায় ওপরের দিকে আছে, সেটা পরিষ্কার। বার্লিনের বিচারকেরা কী ভাবছেন, সেটা জানা যাবে আগামী সপ্তাহেই।

‘দ্য ডিনার’
বউয়ের পীড়াপীড়িতেই তার ভাই আর শ্যালিকার সঙ্গে সেদিন বাইরে খেতে যেতে রাজি হয়েছিল পল (স্টিভ কুগান)। কিন্তু কে জানত নির্দোষ এই নৈশভোজে বেরিয়ে আসবে এত দিনের গোপন আর অপ্রিয় সত্য। মাথাচাড়া দিয়ে উঠবে পুরোনো পারিবারিক কলহ। আরও অভিনয় করেছেন রিচার্ড গিয়ার এবং লরা লিনি। ওরেন মুভারম্যান পরিচালিত যুক্তরাষ্ট্রের এই ছবি আছে দারুণ আলোচনায়। এই ছবির সূত্রেই বার্লিনে হাজিরা দিয়েছেন রিচার্ড গিয়ার।
‘ওরেন আর আমি খুব ভালো বন্ধু। আমার মনে হয় সেটাই এই ছবি করতে রাজি হওয়ার বড় একটা কারণ। আমি খুব খুশি যে জীবনের শেষ ভাগে এসে এমন একটা কাজ করতে পারছি।’ ছবির সংবাদ সম্মেলনে অনেকটা রসিকতার ছলে বলেছেন রিচার্ড গিয়ার।
‘ওয়াইল্ড মাউস’
চারদিক বরফসাদা। এর মধ্যে নগ্ন গাত্র হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে একজন। তার পিছু নিয়েছে আরও দুজন। অস্ট্রিয়ার নির্মাতা জোসেফ হেডারের এই ছবি সম্পাদকীয় বিভাগের একজন কর্মীকে ঘিরে। জর্জ নামের এই কর্মী হুট করে তার চাকরি হারায়। কিন্তু এই ভয়াবহ বিপর্যয়ের কথা কোনোভাবেই স্ত্রীকে বলতে পারে না সে।
‘হ্যাভ এ নাইস ডে’
চীনা পরিচালক লি জিয়ানের অ্যানিমেশন ছবি হ্যাভ এ নাইস ডে। ম্যান্ডারিন ভাষার এই ছবির পটভূমি দক্ষিণ চীন। সেখানে এক মিলিয়ন ইয়েন ভর্তি এক ব্যাগ নিয়ে জমে উঠেছে নাটক। সেই ব্যাগ বাগিয়ে নিতে হাজির হয়েছে বিচিত্র সব চরিত্র। ব্যাগের দখল নিয়ে দ্বন্দ্ব রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে।
এ পর্যন্ত এবারের উৎসবে আলোচিত ছবির মধ্যে আরও আছে হিউ জ্যাকম্যান অভিনীত লোগান, স্ট্যানলি টুসির ফাইনাল পোর্ট্রেট, মার্সেলো গোমেজের জোয়াকিম, জাপানি নির্মাতা সাবুর মিস্টার লং এবং গুরিন্দর চাদার ভাইসরয়’স হাউস।
তথ্যসূত্র: বার্লিন চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট