জার্মানিতে পুরস্কার জিতেছে ‘লোহাখোর’
জার্মানির ‘টিভির অস্কার’ নামে পরিচিত অ্যাডলফ গ্রিম পুরস্কার ২০১০ জিতেছে প্রামাণ্যচিত্র লোহাখোর। ছবিটি পুরস্কার পেয়েছে ‘তথ্য ও সংস্কৃতি’ বিভাগে। চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জীবন নিয়ে শাহীন দিল-রিয়াজ তৈরি করেছেন এই প্রামাণ্যচিত্র। দরিদ্র দেশগুলোর ওপর উন্নত দেশগুলোর সমস্যা চাপিয়ে দেওয়ার ফল কী হচ্ছে, সেটাই ক্যামেরার মধ্য দিয়ে তুলে ধরেছেন রিয়াজ।জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের সমস্যার পাশাপাশি এই প্রামাণ্যচিত্রে রয়েছে ঠিকাদার ও শিপইয়ার্ড-মালিকদের কথাও। রিয়াজের ছবির এ দিকটির প্রশংসা করেছেন অ্যাডলফ গ্রিম পুরস্কারের বিচারকেরা।লোহাখোর এরই মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। রিয়াজ জানান, অ্যাডলফ গ্রিম পুরস্কার তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ইউরোপিয়ান ছবি দেখে দেখে বন্ধুদের সঙ্গে আমিও চলচ্চিত্র তৈরির ব্যাপারে আগ্রহী হয়েছি। বাংলা ছবির ওপর ইউরোপিয়ান চলচ্চিত্রের যথেষ্ট প্রভাব রয়েছে। আমি নিজেও জার্মানির নতুন ধারার চলচ্চিত্রের খুব ভক্ত।’ অ্যাডলফ গ্রিম জার্মানির গুরুত্বপূর্ণ টেলিভিশন পুরস্কার। এটি ১৯৬৪ সাল থেকে নিয়মিত দেওয়া হচ্ছে।