জার্মানির শিল্পীদের জ্যাজে মুগ্ধ ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জ্যাজ সংগীত পরিবেশন করে জার্মান ব্যান্ড থেরিশেন্স টেনটেট l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জ্যাজ সংগীত পরিবেশন করে জার্মান ব্যান্ড থেরিশেন্স টেনটেট l ছবি: প্রথম আলো

বিশ শতকের দিকে জ্যাজ সংগীতের উৎপত্তি। ১০০ বছর ধরে জ্যাজ মিউজিক আফ্রিকান ও আমেরিকান সংগীত ঐতিহ্যের ধারা বহন করে চলেছে। এখন এটি আর এখানে থেমে নেই। ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা দেশে। গতকাল মঙ্গলবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে জার্মান শিল্পীদের জ্যাজ পরিবেশনায় মুগ্ধ হলেন মিলনায়তন ভর্তি শ্রোতা। জার্মান জ্যাজ শিল্পীরা প্রমাণ করলেন, সুরের কোনো সীমারেখা নেই। যে দেশের মানুষই হোক না কেন, সুরের স্পর্শ তাকে আন্দোলিত করবেই।
জার্মানির জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ব্যান্ড থেরিশেন্স টেনটেট। জ্যাজ সংগীত নিয়ে দলটি ঘুরে বেড়িয়েছে বিশ্বের নানা দেশ। সেই সফরের অংশ হিসেবে ব্যান্ডদলটি এসেছে রাজধানীতে। গতকাল ছিল তাদের জ্যাজ শ্রুতি নন্দন পরিবেশনা। অনুষ্ঠানের আয়োজন করে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বা গ্যেটে ইনস্টিটিউট।
শুরুতে মঞ্চে আসেন গ্যেটে ইনস্টিটিউটের অনুষ্ঠান সমন্বয়কারী খন্দকার মাহমুদ হাসান। গানের দল এবং শিল্পীদের পরিচিতি তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যের পরপর শুরু হয় স্যাক্সোফোন, গিটার, ড্রাম ও কি-বোর্ডের সহযোগে জ্যাজ গানের পরিবেশনা। নানা বিষয়ের কাব্যিক কথা ও ধীর লয়যুক্ত কোমল সুরে সংগীতানুরাগীদের শ্রোতাদের রীতিমতো মন্ত্রমুগ্ধ করে রাখেন থেরিশেন্স টেনটেটের শিল্পীরা। মাঝে বিরতি দিয়ে ৪৫ মিনিট করে দুই পর্বে ৯০ মিনিটের পরিবেশনায় গীত হয় অনেকগুলো জ্যাজ। পরিবেশনায় উল্লেখযোগ্য কয়েকটি গানের শিরোনাম ছিল: ‘লেডি মুন’, ‘হোল্ড মি ফার্স্ট’, ‘ওয়ান অব আস’, ‘গিভ হার্ট এ ব্রেক’, ‘গ্রেটফুল’, ‘টেল মি দ্যাট ইউ লাভ মি টিল’ ইত্যাদি।
গ্যেটে ইনস্টিটিউটের অনুষ্ঠান সমন্বয়কারী খন্দকার মাহমুদ হাসান জানান, গানের দল থেরিশেন্স টেনটেট ২০১৪ সালে ভারত ও বাংলাদেশে এই সফরের মাধ্যমে উদ্যাপন করছে তাদের প্রতিষ্ঠার ১৫ বছর। ১৯৯৯ সালে সংগীত পরিচালক নিকোলাই থেরিশেন শিল্পী মিশায়েল সিফেলকে সঙ্গী করে প্রতিষ্ঠা করেন থেরিশেন্স টেনটেট। ১০ সদস্যের দলটির পরিবেশিত গানগুলোর বেশির ভাগই সংগীত পরিচালক নিকোলাই লিখেছেন। এ ছাড়া অন্য গানগুলো মূলত ডরোথি পার্কার, লর্ড বাইরন, থমাস হার্ডি এবং রোনাল্ড ডি লাইংয়ের মতো বিশ্বখ্যাত কবি ও লেখকদের কবিতার সুর মাখা রূপ।