জার্মানির 'অন বর্ডারস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদাকালো, লম্বা-বেঁটে, ধনী-দরিদ্র নানা জাতের, নানা বর্ণের মানুষ। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটের দেয়ালে এসব আলোকচিত্রের অবস্থান। চলছে জার্মানির বার্লিনে অবস্থিত অস্টক্রেউজ এজেন্সির ১০ সদস্যের আলোকচিত্র নিয়ে ‘অন বর্ডারস’ শীর্ষক প্রদর্শনী। আয়োজন করেছে যৌথভাবে গেটে ইনস্টিটিউট ও বেঙ্গল ফাউন্ডেশন।
পৃথিবীর সব জায়গায় ক্রমান্বয়ে বসতি স্থাপন করেছে মানুষ। সাগর, মরুভূমি বা পর্বত তাদের এ অগ্রযাত্রা রুখতে পারেনি। কিন্তু সব সীমা অতিক্রম করলেও নিজেদের মধ্যে সৃষ্ট সীমানাপ্রাচীর এখনো অতিক্রম করতে পারেনি মানুষ। কেন? এ প্রশ্নের জবাব খোঁজা হয়েছে আলোকচিত্রগুলোতে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী অস্টক্রেউজের আলোকচিত্রীরা সীমানা সম্পর্কে তাঁদের অভিমত ব্যক্ত করেন। প্রদর্শনী চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধনীর দিন বুধবার অনুষ্ঠানে বক্তব্য দেন অস্টক্রেউজ এজেন্সির সদস্য এবং প্রদর্শনীতে প্রদর্শিতব্য আলোকচিত্র ‘যমজ ও স্তনের সঙ্গে আত্মপ্রতিকৃতি’র স্রষ্টা লিন শ্রোয়েডার। গতকাল লিন শ্রোয়েডারের পরিচালনায় শুরু হয় ‘আলোকচিত্রে প্রতিকৃতি’ বিষয়ক কর্মশালা। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে কর্মশালা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আগামীকাল বিকেল তিনটায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে রয়েছে শ্রোয়েডারের সঞ্চালনায় ‘সামষ্টিক শিল্পকর্ম’বিষয়ক সেমিনার।