জালালের গল্প: চলচ্চিত্রের ভাষামূল্যে আদৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালের গল্প ছবিতে মৌসুমী হামিদ ও মোশাররফ করিম
জালালের গল্প ছবিতে মৌসুমী হামিদ ও মোশাররফ করিম

ভারতের সপ্তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নবাগত নির্মাতার পুরস্কারপ্রাপ্ত আবু শাহেদ ইমনের ছবির নাম জালালের গল্প। গল্পে জালাল নামের এক মানবের জীবনচক্রের তিন অধ্যায়কে নির্বাচন করেছেন পরিচালক। যুক্ত রেখেছেন তিনটি প্রধান নারী চরিত্র এবং দুটি পুরুষ চরিত্র। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গল্পের মূল বিষয়াদি ‘ক্ষমতা চাই নারীর ওপর’। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ‘ক্ষমতা চাই মানুষের ওপর’। গল্পটির শুরু নদীজলে ভেসে আসা পাতিলবন্দী অজানা শিশুর কান্নাকে কেন্দ্র করে। শিশুটি আশ্রয় পায় মিরাজের ঘরে। দৈবদুর্ঘটনায় গ্রামবাসী বিশ্বাস করে শিশুটি মুশকিল আসান। সরল মানুষের বিশ্বাসকে পুঁজি করে মিরাজ ব্যবসা শুরু করে। মানুষের স্বার্থ-সংঘাতে শিশুটি জালাল নাম নিয়ে আবারও জলে ভেসে যায়। জালাল আশ্রয় পায় করিমের (তৌকীর আহমেদ) বাড়িতে। সন্তানলাভের আশায় করিমের তৃতীয় বিবাহ, রহিমাকে (শর্মীমালা) বউ করে আনা, সন্তান কামনায় করিমের স্ত্রীর সঙ্গে ফকিরের দেহ সম্পর্ক কিশোর জালালের চিন্তাস্রোতে ঘূর্ণি জাগিয়ে তোলে। জালাল নিজেকে দাঁড় করাতে চায় সত্যের আলোতে। কিন্তু কিশোর জালালকে বস্তাবন্দী হয়ে নদী জলে ভেসে যেতে হয়। এরপর যুবক জালালকে দর্শক খুঁজে পায় গ্যাংস্টার সজীবের (মোশাররফ করিম) আস্তানায়। ঘটনায় আসে স্বর্ণা (মৌসুমী হামিদ) নামের এক বন্দী যুবতীর সম্ভ্রম হারানো এবং তার শরীরে উদ্দেশ্যহীন একটি ভ্রূণ বেড়ে ওঠার গল্প। স্বর্ণার গর্ভজাত বাতিল শিশুটিকে সজীবের লোক পাতিলে ভরে নদীর জলে ভাসিয়ে দেয়। প্রারম্ভ শটের সঙ্গে অন্তশটের মিল ঘটিয়ে পরিচালক জালালের গল্প-এর ইতি টানেন। অতঃপর জালাল শিশুটিকে উদ্ধার করতে জলগহ্বরে হারিয়ে যায়।
* সিনেমা একটি কৌশলগত প্রক্রিয়া—এই বোধে পরিচালক ‘ন্যারেটিভ স্টোরিটেলিং’ নিয়মের অমান্যতায় চিত্রনাট্য সাজিয়েছেন। বর্তমান ঘটনায় অতীত ঘটনার মেলবন্ধন অথবা চরিত্রের অনুপস্থিতিতে সংলাপে দৃশ্যমূল্য বাড়ানো এবং স্থান ও সময়কে সংকোচন সবকিছু চলচ্চিত্রের ভাষামূল্যে আদৃত। যা ঋতুপর্ণ ঘোষের আবহমান চলচ্চিত্রের গল্পকথন ভঙ্গির সঙ্গে স্বল্প সাদৃশ্যময়।
* সজীবের আড্ডাখানার দৃশ্যপটে আলোছায়া অথবা নতুন বউকে নিয়ে খালপথে তৌকীরের আগমনে ক্যামেরা কোণ নির্বাচনে চিত্রগ্রাহক বরকত পলাশকে নবীন ভাবা যায় না।
* আবহ সংগীত মানে শ্রবণের মামলা নয়, দৃশ্যের সঙ্গে যার বন্ধুত্ব। ‘চিরকুট’ তা মনে রেখেছে।
* ক্যামেরা হলো ভাবজগতের অনুবাদযন্ত্র। পরিচালক ক্যামেরার অযথা যান্ত্রিক গতি পরিহার করে চরিত্রের মানসিক গতিকে প্রাধান্য দিয়ে দৃশ্যে নানা প্রতীকী ব্যঞ্জনা এনেছেন। যেমন প্রসবকাতর স্বর্ণার চিৎকার কাট করে খাটিয়ার শট।
* অভিনয়ে মোশাররফ করিম নিজ বৃত্তের ব্রতচারী। জালালত্রয় অনবদ্য। শর্মীমালা দীপ্তিময়। মৌসুমী হামিদের অভিনয় দেখে ইতালো স্পিনিলির গাংগর চলচ্চিত্রের গাংগর নামের মেয়েটির মুখ মনে পড়ে। মায়া লাগে।
* চলচ্চিত্রটির কিছু সংলাপ কাম কৌতুক রসে জাড়িত। কখনো মূলধারার সিনেমার সংক্রমণে আক্রান্ত। যেমন: শরীর গরম অথবা চোখে সুরমা লাগাতে এত সময়।
* গ্র্যান্ড ন্যারেটিভ ফর্মুলা অর্থাৎ মূলধারার বর্ণনায় সিনেমা পুরুষ দৃষ্টিসর্বস্ব দৃশ্যমাধ্যম—এই কৌশলে জালালের গল্প ছবিটি নির্মিত।
* মৌলিক গল্প চাই, প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নত চাই। এসব পাওয়ার পরও কেন দর্শক আসে না। শ্যামলী সিনেমার কারিগরি নির্দেশক রানা বলেন, হলে বসে সিনেমা দেখার সংস্কৃতি আজ বিপন্ন। তাই সুস্থ মেজাজি ছবিগুলো বিদেশের উৎসবমুখী হয়েছে।