জালিয়াতির অভিযোগে নিষিদ্ধ ‘লাল সওদাগর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত সেন্সর আইন অমান্য করলে ছবি নিষিদ্ধ করা হয়। কিন্তু এবার জালিয়াতির অভিযোগে নিষিদ্ধ হলো লাল সওদাগর নামের একটি চলচ্চিত্র। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, পূবালী কথাচিত্রের ব্যানারে ছবিটি ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়। ছবিতে পরিচালক হিসেবে দেখানো হয়েছে শাহাদাত্ হোসেন ওরফে লিটনকে। কিন্তু সেন্সর বোর্ডের অন্যতম সদস্য অভিনেতা রাজ্জাক এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন, পরিচালক হিসেবে যাঁর নাম দেওয়া হয়েছে, তিনি এ ছবি নির্মাণ করেননি। পরে প্রদর্শনের সময় দেখা যায়, পুরোনো তিনটি ছবির প্রিন্ট জোড়া দিয়ে ছবিটি জমা দেওয়া হয়েছে। এরপর ছবিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড।এ ব্যাপারে কথা বলার জন্য পূবালী কথাচিত্রের প্রযোজকের খোঁজ করা হয়। কিন্তু ছবিটির প্রযোজক কে, তা সেন্সর বোর্ড থেকে কেউই জানাতে পারেননি। কারণ সেখানে কারও নাম নেই। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে খোঁজ নিয়ে এমন কোনো প্রতিষ্ঠান ও প্রযোজকের নাম পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতারা।