জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যপার্বণ
২০১০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩০ বছর পূর্তি হয়েছে। ওই বছরই তাঁরা ৩০ বছর পূর্তি উপলক্ষে তিন পর্বের নাট্যপার্বণ করার ঘোষণা দেয়। এ বছর সেই তিন পর্বের শেষ নাট্যপার্বণ হতে যাচ্ছে। ‘মেলো সৃষ্টির আকাশে দৃষ্টিলোক’—এই আহ্বান নিয়ে ১৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই নাট্যপার্বণ শুরু হবে, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। নাট্যপার্বণে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটকসহ ঢাকার প্রথম সারির চারটি নাটকের দল অংশ নিচ্ছে। থাকছে গুণীজন, নাট্যজন সম্মাননা এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন-পুরোনো কর্মীদের পুনর্মিলনী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় মুক্তমঞ্চে নাট্যপার্বণের উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাহাঙ্গীরনগর থিয়েটার সভাপতি এ কে এম শাহনাওয়াজ। ওই দিন উদ্বোধনী মঞ্চায়ন হবে ঢাকার আরণ্যক নাট্যদলের আলোচিত নাটক ময়ূরসিংহাসন-এর। এর আগে নাট্যজন হিসেবে সম্মাননা দেওয়া হবে ফয়েজ জহিরকে।