জাহাজে বিয়ে করছেন পিট-জোলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি স্কটল্যান্ডের হেব্রিডিন প্রিন্সেস নামের একটি জাহাজ সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। ছেলে ম্যাডক্সের ইচ্ছা পূরণ করতে এই জাহাজেই বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন তাঁরা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা জানিয়েছে, পুরোদমে এগিয়ে চলেছে পিট-জোলির বিয়ের প্রস্তুতি। যেকোনো সময়ে আসতে পারে কাঙ্ক্ষিত সেই বিয়ের ঘোষণা। আমন্ত্রিত অতিথিদের নামের তালিকা চূড়ান্ত করার পর এবার কোথায় গাঁটছড়া বাঁধবেন, তা নির্ধারণ করার পেছনে ব্যস্ত সময় পার করছেন পিট-জোলি।এর আগে ফ্রান্সে নিজেদের বিলাসবহুল বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল পিট ও জোলির। কিন্তু সম্প্রতি তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জাহাজে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা প্রথমে মাথায় আসে পিট-জোলির ১১ বছর বয়সী ছেলে ম্যাডক্সের। বিষয়টি জানানোর পর তাঁর প্রস্তাবে সায় দেন পিট-জোলি। পুরো জাহাজটি ভাড়া করার প্রক্রিয়া শুরু করেন তাঁরা। জাহাজটিতে অর্ধশতাধিক বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যকে নিয়ে ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন পিট-জোলি। বহু দিন ধরে এক ছাদের নিচে বসবাস করছেন পিট ও জোলি। বিয়ের আনুষ্ঠানিকতায় খুব একটা আগ্রহী না হলেও সন্তানদের পীড়াপীড়িতে বিয়ে করতে রাজি হয়েছে এ জুটি। সাত বছর একসঙ্গে থাকার পর ২০১২ সালের এপ্রিলে বাগদানের ঘোষণা দেন তাঁরা। জাহাজে চেপে সমুদ্রে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করে তাঁদের ছয় সন্তান ম্যাডক্স (১১), প্যাক্স (৯), জাহারা (৮), শিলহ (৬) এবং যমজ নক্স ও ভিভিয়েন (৪)। এবার জাহাজে বাবা-মায়ের বিয়ের অনুষ্ঠান উদযাপনের সুযোগ করে দিয়ে তাদের আনন্দের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন পিট ও জোলি।