জাহিদ আবার চলচ্চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দুষ্ট ছেলের দল’ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। ছবির নামও রাখা হয়েছে ‘দুষ্ট ছেলের দল’। এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন আবীর শ্রেষ্ঠ। এ ছবিতে অভিনয় করবেন জাহিদ হাসান। এ বছরের শেষ দিকে ছবিটির শুটিংয়ে তিনি অংশ নেবেন। এখন ছবির চিত্রনাট্য রচনার কাজ চলছে। জাহিদ হাসান বললেন, ‘এর আগে প্রায় ১৩টি চলচ্চিত্রে কাজ করেছি। এটি আমার ১৪তম ছবি হলেও কিশোরদের নিয়ে নির্মিত প্রথম। বাচ্চাদের সঙ্গে কাজ করতে পারব ভেবে ভালো লাগছে।’জাহিদ আরও বলেন, ‘যত দূর শুনেছি ছবিতে আমাকে গণিতের শিক্ষক হিসেবে দেখানো হবে।’ জাহিদ হাসান সর্বশেষ মুহাম্মদ মুস্তফা কামালের প্রজাপতি ছবিতে অভিনয় করেন। এতে তাঁর সহশিল্পী হিসেবে ছিলেন মৌসুমী। মিডিয়ায় কাজের কারণে বেড়ানোর সময় খুব একটা হয় না অভিনেতা জাহিদ হাসানের। সবকিছুর পরও কোনোভাবে নিজের জন্য কিছুটা সময় বের করে নিলেন তিনি। এখন সন্তানদের পরীক্ষা শেষ এবং স্কুলে লম্বা ছুটি। তাই পরিবারের সবাইকে নিয়ে গতকাল কলকাতার উদ্দেশে তিনি ঢাকা ছেড়েছেন। কলকাতা এবং এরপর ভারতের আরও বেশ কয়েকটি জায়গায় স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি বেড়াবেন। ফিরবেন ৩ জুলাই। ঢাকা ছাড়ার আগে এমনটাই জানালেন জাহিদ হাসান।