জাহিদ-পূর্ণিমার হঠাৎ দেখা

বুধবার একাত্তর টেলিভিশনের ‘জয়তু’ অনুষ্ঠানের একটি বিশেষ পর্বের দৃশ্যধারণে অংশ নিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। সামিয়া রহমানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে পূর্ণিমার সঙ্গে অতিথি হিসেবে আরও ছিলেন অভিনেতা জাহিদ হাসান। দুজনের সাক্ষাতের পর এক ফেসবুক পোস্টে পূর্ণিমা জানিয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বহু বছর পর জাহিদ হাসানের সঙ্গে তাঁর দেখা হলো।
‘জয়তু’ অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে পূর্ণিমা তাঁর ফেসবুক পেজে একটি সেলফি পোস্ট করেন। তাতে পূর্ণিমা লেখেন, ‘বহু বছর পর জাহিদ ভাইয়ের সঙ্গে দেখা।’
এ প্রসঙ্গে প্রথম আলোকে পূর্ণিমা বলেছেন, ‘দীর্ঘ পাঁচ বছর পর জাহিদ ভাইয়ের সঙ্গে দেখা হলো। সময়টা খুব ভালো কেটেছে। আমরা দারুণ একটি অনুষ্ঠানের রেকর্ডিং করেছি।’
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা জুটি হয়ে প্রথম অভিনয় করেন একটি টেলিছবিতে। এরপর তাঁরা জুটি হয়ে অভিনয় করেন ‘লাল নীল বেগুনী’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে।