জাহিদ-রহস্য
‘বয়স কত হলো?’ আশা করেছিলাম, জাহিদ হাসান তাঁর ট্রেডমার্ক লাজুক হাসিটি দিয়ে প্রশ্ন এড়িয়ে যাবেন। ‘৪৩’—অসংকোচে বললেন। আজ থেকে বছর কুড়ি আগে প্রথম অভিনয় করেছিলেন টিভি নাটকে, সেই ১৯৯১ সালে। জাহিদের ভাষায়, ‘দর্শক তখন আমাকে টুকটাক চিনত। ১৯৯৪ সালে বিটিভিতে প্যাকেজ নাটক শুরু হয়। নানা ধরনের চরিত্রে অভিনয় শুরু করি। অল্প দিনেই ওই চরিত্রগুলো জনপ্রিয়তা পায়। এরপর আসে স্যাটেলাইট চ্যানেল। কাজের পরিমাণও বেড়ে যায়।’জীবন গিয়াছে চলে জাহিদের, কুড়ি কুড়ি বছর পার। জাহিদ তাঁর সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন এখনো। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন সাতবার—১৯৯৮ থেকে ২০০২, ২০০৭ আর এবার ২০১০ সালে। এই দীর্ঘ সময় জনপ্রিয়তা ধরে রাখার পেছনে কী রহস্য লুকিয়ে আছে? এবার জাহিদের মুখে সলজ্জ হাসি, ‘রহস্য! ও রকম কিচ্ছু না। আমার নিজের কোনো ক্ষমতা নেই। যা আছে, পুরোটাই অলমাইটি দিয়েছেন। দর্শক কেন আমাকে পছন্দ করে, আই ডোন্ট নো!’ ‘চল্লিশ পেরোলেই চালসে’ প্রবাদটি একেবারে অপছন্দ তাঁর। বললেন, ‘হলিউড কিংবা বলিউডের যত বড় বড় অভিনেতার নাম বলবেন, সবাই কিন্তু চল্লিশের পরই তাঁদের আসল অভিনয়-ক্ষমতা দেখাতে পেরেছেন। আরও বেশি জনপ্রিয়তা পেয়েছেন।’তবে স্বীকারও করলেন, ৪০ পেরোতেই চশমাও নিতে হয়েছে তাঁকে। কোনো কিছু পড়ার সময় তা ব্যবহার করেন। এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করার সময়ও মাঝেমধ্যে চোখে চশমা দিতে হয়েছিল। হ্যাঁ, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০’ অনুষ্ঠানটি তিনিই উপস্থাপনা করেছেন। জাহিদের ভাষায়, ‘এটা অনেক বড় দায়িত্ব, জাহাজের ক্যাপ্টেনের মতো, স্বাভাবিক সময় কিংবা প্রচণ্ড ঝড়ের মধ্যে নিজের অভিজ্ঞতা ও মেধা দিয়ে যে একাই পুরো জাহাজটি নিয়ন্ত্রণ করতে পারে। আমার সেই যোগ্যতা নেই। জাহাজের একজন সাধারণ যাত্রী হিসেবেই আমি ঠিক আছি।’দীর্ঘ সময় নিজের জনপ্রিয়তা কেমন উপভোগ করছেন জাহিদ? তিনি বললেন, ‘আমি যখন সিরাজগঞ্জ শহরের পুলক (জাহিদ হাসানের ডাকনাম) ছিলাম, তখন আমার দিকে তেমন কেউ তাকাত না। এখন দেশে কিংবা বিদেশে সবাই তাকায়। যেখানেই যাই, মুহূর্তেই ভিড় জমে যায়। নানা ধরনের প্রশ্ন করে, কেউ বা ছবি তুলতে চায়, অটোগ্রাফ নেয়। ভালোই লাগে। আমি কিন্তু মনে মনে এমনটাই চেয়েছিলাম—অভিনেতা হব, সেলিব্রিটি হব, দর্শকের মনের মধ্যে অবস্থান তৈরি হবে।’আর কী কী চেয়েছিলেন তিনি? ‘ছোটবেলায় বাড়িতে দুটি পুরোনো সাইকেল ছিল। বড়রা চালাতেন। আর আমার বন্ধুরা সুন্দর সুন্দর সাইকেল চালিয়ে স্কুলে আসে। তখন ফনিক্স সাইকেলের খুব শখ ছিল। কিন্তু পাইনি। যখন তা কেনার অবস্থা হলো, শখ হলো মোটরসাইকেলের। পাইনি। যখন পেলাম, তখন দেখি সবাই গাড়ি চালায়। আমি জীবনে যা কিছু পেয়েছি, তার সবই একটু দেরি করে।’‘আর স্ত্রী মৌকে?’ ‘আরও আগে পেলে আরও ভালো হতো।’পারিবারিক জীবনে সুখী জাহিদ জানালেন, সুখের রহস্য হলো—সততা, বিশ্বাস আর সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করা। তাতে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকে না। জীবনের বড় সাফল্যের কথা জানাতে গিয়ে জাহিদ বললেন, ‘এখনো বেঁচে আছি। এটাই সবচেয়ে বড় কথা।’ওভাবে বলছেন কেন? ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অনেক ঝড় বয়ে গেছে আমাদের পরিবারের ওপর দিয়ে। আমি তখন খুব ছোট। চারদিকে বোমা পড়ছে, গোলাগুলি হচ্ছে, এর মধ্য দিয়েই আমি ভাইয়ের হাত ধরে দৌড়ে যাচ্ছি।...মা আমাদের নিয়ে খাটের নিচে গর্ত খুঁড়ে লুকিয়েছিলেন। ঘরে আগুন দেওয়া হয়। মা আমাকে কোলে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যান। চলে যান দূরে কোথাও। কিছুক্ষণ পর বুঝতে পারলেন, আমি কথা বলছি না। তাকিয়ে দেখেন, আমি নই, তাঁর হাতে কোলবালিশ! আমি ঘরে সেই খাটের নিচেই পড়ে আছি।আমার জন্ম হয়েছিল নানাবাড়িতে। আঁতুড় ঘরে রাখা হয়েছিল। জন্মের দুই দিন পর মা দেখেন, আমি সেখানে নেই। বাগডাশ আমাকে নিয়ে গেছে। পরে পাশের এক জমিতে আমাকে সবাই খুঁজে পান।’জাহিদ তিন-তিনবার ঢাকা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য। ভবিষ্যতে অন্য কোনো নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে? ‘না না, তেমন ইচ্ছা নেই। আর পরিকল্পনা করে আমার কিছু হয়নি। যা হয়েছে, তা হঠাৎ করেই।’জাহিদ এখন অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন। বললেন, ‘শখের বশে করছি। এটা আমার মূল কাজ নয়, অভিনেতা হিসেবেই আমি থাকতে চাই।’বিদায়বেলায় দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে জাহিদ বললেন, ‘একদিন লঞ্চে করে সিরাজগঞ্জ থেকে এসেছিলাম। তখন ব্রিজ ছিল না। লঞ্চ থেকে নেমে অনেক দূর হেঁটে এসে হুড়োহুড়ি করে বাসে উঠতে হতো। বাসের জানালা দিয়েও কত উঠেছি। কারও জন্য হয়তো সিটও রাখতাম। বাসের ভ্রমণটা কখনোই আমার জন্য সুখের ছিল না। খুব বমি হতো। অসুস্থ হয়ে পড়তাম। অনেক দিন মাথায় পানি দিতে হয়েছে। অসুস্থ না হওয়ার জন্য আগে থেকে না খেয়ে থাকতাম। সেই দিনগুলোর কথা ভুলিনি। এই ২০ বছরে দর্শকদের নানা ধরনের চরিত্র উপহার দিয়েছি। আরও দেওয়ার ইচ্ছা আছে। আর জনপ্রিয় হয়েই সবার মাঝে থাকব—এটাই আমার স্বপ্ন।’দরজার চৌকাঠ ধরে জাহিদ বাইরে তাকান। জাহিদের চোখ যেন আকাশ খোঁজে। ওপারে আকাশ নয়, দেয়াল। ইটের পরে ইট। তিনি দৃষ্টি ফিরিয়ে নেন। তাঁর দুচোখে স্বপ্নের আবেশ।