জাহিদ রিপন ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঘটে যাওয়া সাভার ট্র্যাজেডির দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে নাটকের সংগঠন ‘স্বপ্নদল’। দুর্গত মানুষদের উৎসর্গ করে তাদের সাহায্যার্থে ৮ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে তারা মঞ্চায়ন করেছে হরগজ নাটকটি। নাটকটি লিখেছেন সেলিম আল দীন। কথা হলো নাটকটির নির্দেশক ও স্বপ্নদলের প্রধান জাহিদ রিপনের সঙ্গে।সাভার ট্র্যাজেডির দুর্গত মানুষের সাহায্যার্থে নাটক মঞ্চায়নের ভাবনা কীভাবে এল?আমরা বিশ্বাস করি, নাট্যকর্মীরা সমাজের সবচেয়ে সংবেদনশীল অংশ। জাতীয় জীবনের যেকোনো দুর্যোগের মুহূর্তে নাট্যকর্মীরা নিশ্চুপ বসে থাকতে পারেন না। তাই নাট্যকর্মীদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা স্বপ্নদলের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। ‘হরগজ’ নাটকের প্রেক্ষাপট নিয়ে বলুন।১৯৮৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ‘হরগজ’ নামক স্থানের প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ১৯৯২ সালে হরগজ নাটকটি লিখেছেন। ঝড়ের পরে শুরু হয় উদ্ধারকাজ। ত্রাণদলের প্রধান আবিদের মাধ্যমে এখানে এক নব্যকালের যিশুখ্রিষ্টকে দৃশ্যমান করা হয়েছে; যিনি কিনা ত্রাণদাতারূপে উপস্থিত হয়ে সময়ের ব্যবধানে নিজেই আর্তে পরিণত হন। সাভারের সাম্প্রতিক উদ্ধার অভিযানের সঙ্গে বিস্ময়করভাবে এ প্রযোজনার অনেক দৃশ্য ও সংলাপের হুবহু মিল রয়েছে। স্বপ্নদলের বর্তমান কার্যক্রম...সম্প্রতি আমরা মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্টের উপন্যাস অবলম্বনে পৃথিবীর প্রথম দাস বিদ্রোহের কাহিনিভিত্তিক স্পার্টাকাস প্রযোজনা নির্মাণের কাজ শুরু করেছি। আমরা এ প্রযোজনাটিকেও সাভার ট্র্যাজেডিতে হতাহত ব্যক্তিদের উদ্দেশে উৎসর্গের সিদ্ধান্ত নিয়েছি। এর পরপরই আমরা স্বপ্নদলের নতুন নাটক সেলিম আল দীনেরস্বর্ণবোয়াল মঞ্চে আনার কাজ শুরু করব।সমসাময়িক নাট্যচর্চায় সেলিম আল দীনের নাটক নিয়ে খুব কম নাট্যদলকেই কাজ করতে দেখা যায় কেন? সেলিম আল দীনের নাটক খুব সহজসাধ্য নয়। কেননা হাজার বছরের বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য, এর ধারাবাহিকতা, উপনিবেশী প্রভাব, উপনিবেশ-উত্তরকালে বাঙালির আধুনিক নাট্যনির্মাণের প্রয়োজনীয়তা ও পদ্ধতি প্রভৃতি নানা অনুষঙ্গে সমৃদ্ধ তাঁর নাটক। সে কারণে সেলিম আল দীনের নাটক নিয়ে কাজ করতে সবাইকে খুব একটা সাহসী বা আগ্রহী হতে দেখা যায় না।বর্তমান থিয়েটারচর্চাকে কীভাবে মূল্যায়ন করেন?আমার বিবেচনায় থিয়েটারে বর্তমানে একটি ‘মিনি রেনেসাঁ’ চলছে। এরপর শুধু তাঁরাই নাট্যচর্চায় টিকে থাকবে, যাঁদের অধ্যবসায়, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা আছে। সাক্ষাৎকার নিয়েছেন সু. হো.