জাহিদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে প্রতারণা
অভিনেতা জাহিদ হাসানের নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেছে একটি চক্র। এখানে জানানো হয়, জাহিদ হাসান একটি নাটক তৈরি করছেন। শুটিং শুরু হয়েছে। এ নাটকের জন্য কিছু নতুন মুখ লাগবে। তা দেখে অনেকেই এ চক্রের সঙ্গে যোগাযোগ করেন। প্রতারকেরা প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। কয়েকজন নাকি তাঁদের এ টাকা জমাও দিয়েছেন। জাহিদ হাসানের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর গত শুক্রবার বিকেলে ০১৬৭৬৩৯৮২৬২ নম্বরে যোগাযোগ করা হয়। অপর প্রান্ত থেকে তন্ময় নামের এক ব্যক্তি এই প্রতিবেদককেও নাটকে সুযোগ করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করেন। পরে পরিচয় জানার পর ফোন বন্ধ করে দেন। জাহিদ হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা ইদানীং প্রায়ই ঘটছে। প্রতারকচক্র খুব সক্রিয়। সবাইকে অনুরোধ করছি, এসব প্রতারকের কোনো প্রলোভনে আপনারা বিভ্রান্ত হবেন না।’ তিনি জানান, এ ধরনের প্রতারণা রোধ করা করার জন্য তিনি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন।