জাহিদের যে খবরটা আমরা সেদিন প্রকাশ করিনি
সব ঠিকঠাক। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১০ উপস্থাপন করবেন। তাঁকে মঞ্চে আনা হবে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের একটা জাদুর মাধ্যমে। আমি আর কবির বকুল তাঁর সঙ্গে মাঝেমধ্যেই আড্ডা দিতে বসছি। জাহিদের মাথায় নতুন নতুন আইডিয়া গিজগিজ করে। স্বাধীনতার চার দশক উপলক্ষে পুরস্কার প্রদান করবেন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা, এই বুদ্ধিও জাহিদের। ২৯ এপ্রিল ২০১১ অনুষ্ঠান। ২৫ এপ্রিল জানা গেল, জাহিদের বড় বোন শাহানা আপা খুব অসুস্থ। রাজশাহী থেকে তাঁকে ঢাকায় আনতে হবে। জাহিদ আর মৌ যাচ্ছেন রাজশাহীর দিকে। ২৬ এপ্রিল খবর এল, আপা আর নেই। জাহিদ তখন সিরাজগঞ্জ চলে গেছেন; বোনের শেষকৃত্য করতে। ফোন করলাম, শোক ও সান্ত্বনা প্রকাশ করতে। আমি আর বকুল একটু দুশ্চিন্তাগ্রস্ত। শেষ মুহূর্তে উপস্থাপক পাব কোথায়? জাহিদ আমাকে অভয় দিলেন, ‘আনিস ভাই, আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি যেহেতু কথা দিয়েছি, আমি আপনাদের অনুষ্ঠান করে দেব।’ পরের দিন ঘটল আরেকটা দুর্ঘটনা। জাহিদের ভগ্নিপতিও অসুস্থ হয়ে পড়েছেন, তাঁকে এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব দুঃখ, শোক, বিচ্ছেদ, দুর্ভাবনা মাথায় নিয়ে অনুষ্ঠানের আগের দিন জাহিদ ফিরে এলেন। জুয়েল আইচের বাড়িতে আমরা গেলাম জাদুর পর্বটি অনুশীলন করতে। তিনি রিহার্সেল করছেন, আমার মনে পড়ল, কবি আবুল হাসানের কবিতা, ‘ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তো ফলাও।’ শিল্পী তো তা-ই। ভেতরে কত দুঃখ-কষ্ট, সেসব চেপে রেখে তাঁকে দর্শক-শ্রোতা-পাঠককে আনন্দ দিয়ে যেতে হয়। রবীন্দ্রনাথ যেমনটা বলেন, ‘আমার এ ধূপ না পোড়ালে, গন্ধ কভু নাহি ঢালে...’অনুষ্ঠান শুরু হলো। গত কয়েক দিনের ধকল তাঁর কাছে মাশুল নিতে চাইল। জাহিদের হাতের পাণ্ডুলিপির পাতার সিরিয়াল হঠাৎ ওলটপালট হয়ে গেল। আমি মঞ্চে ছুটে গেলাম। আমাকে পরামর্শ দিলেন সহকর্মীরা, মঞ্চে বলে দিন জাহিদের বাস্তবতাটা। আমি, জাহিদ, জুয়েল আইচ পরামর্শ করে রেখেছিলাম, না, এই শোকসংবাদটা মঞ্চে প্রকাশ করব না। মেরিল-প্রথম আলো পুরস্কার একটা আনন্দের অনুষ্ঠান। ব্যক্তিগত শোক বুকে চেপে রেখেই আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। আমরা তা-ই করেছি। জাহিদ হাসানের মতো বুদ্ধিদীপ্ত রসিক মানুষটি ওই দিন তাঁর সেরা ফর্মে ছিলেন না। কেন ছিলেন না, দর্শকেরা কেউ জানেন না। আমরা জানি। আমরা কাউকে সেটা বলিনি। তবে জাহিদ আমাদের বিমুখ করেননি। রাজ্যের ক্লান্তি যখন তাঁর শরীর-মনে, তিনি অনুষ্ঠানের জাহাজটিকে যোগ্য ক্যাপ্টেনের মতো চালিয়ে নিয়ে গেছেন। জাহিদ হাসানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। তবু, জাহিদ, আপনি আমাদের ভালোবাসা গ্রহণ করুন। প্রার্থনা করি, আপনার বড় আপার বিদেহী আত্মা শান্তিতে থাকুক।যে কর্তব্যবোধ জাহিদ হাসান সেদিন দেখিয়েছেন, কেবল বড় শিল্পীর পক্ষেই তা করা সম্ভব—এ কথাটাই আমার বারবার মনে হয়।