জি টিভিতে বাংলাদেশের অনুষ্ঠান শুরু
ভারতের স্যাটেলাইট চ্যানেল জি টিভিতে (এশিয়া প্যাসিফিক) দেখানো হচ্ছে বাংলাদেশের অনুষ্ঠান। জানা গেছে, চলতি মাসে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এবং জুন মাস থেকে সপ্তাহে সাত দিনই দেখানো হবে বাংলাদেশের অনুষ্ঠান। আর বাংলাদেশের অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিদিন রাত ১০টা থেকে ১১টা। গত বুধবার রাতে শুরু হলো এক ঘণ্টার ধারাবাহিক নাটক পথ হারা পাখি। ছয় পর্বের এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দিতি, মৌসুমী, অপূর্ব, মিম, সাদেক বাচ্চুসহ আরও অনেকে। জি টিভির জন্য বাংলাদেশ থেকে অনুষ্ঠান নির্মাণ ও বিজ্ঞাপন সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে ল্যামবার্ডস নামের একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট সাঈদ আহমেদ জানান, জি টিভির জন্য এরই মধ্যে আগামী ছয় মাসের অনুষ্ঠান সংগ্রহ করেছেন তাঁরা। পথ হারা পাখির পর শুরু হচ্ছে বাংলাদেশের শিল্পীদের মিউজিক ভিডিও, বিভিন্ন জনপ্রিয় শিল্পীর একক গানের অনুষ্ঠান, ধারাবাহিক নাটক, রিয়ালিটি শো বেবি’স ওয়ার্ল্ড, অ্যাঙ্কর অব দ্য নেশন ও হাসির রাজ্য, বাংলাদেশের জনপ্রিয় ২০ জন নির্মাতার নাটক নিয়ে নাট্যোৎসব, শিশুতোষ ধারাবাহিক দুরন্তপনা। সাঈদ আহমেদ আরও জানান, আগামী জুন মাসে মিরপুর ইনডোর স্টেডিয়ামে জি টিভি আয়োজন করবে জি নাইট অনুষ্ঠান। এখানে ভারতের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের শিল্পীরাও।