জিডি করলেন গাজী রাকায়েত
বিদেশি শিল্পীদের এ দেশে এসে অভিনয় করতে নিয়ম মানার ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করলেন টেলিভিশন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত। গতকাল দুপুরে বনানী থানায় তিনি এই ডায়েরি করেন। ডায়েরি নম্বর ১০৮। গত মঙ্গলবার প্রথম আলোর বিনোদন পাতায় প্রকাশিত ‘রাজধানীতে ঘুরছেন “ফেলুদা” পরম’ শিরোনামের সংবাদের সূত্র ধরে তিনি এই ডায়েরি করেন বলে জানিয়েছেন।
সাধারণ ডায়েরির ব্যাপারটি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ‘এ ডায়েরি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। তবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
সাধারণ ডায়েরি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘আমি কারও বিরুদ্ধে সাধারণ ডায়েরি করিনি। এটা একটা অনিয়মের বিরুদ্ধে। কারণ আমাদের এখানে ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীরা পর্যটন ভিসায় এসে কোনো ধরনের ওয়ার্ক পারমিট ছাড়াই শুটিং করছেন। আমরা সব সময় বিদেশি শিল্পীদের স্বাগত জানাই। কিন্তু তাঁরা যেন সঠিক নিয়মনীতি মেনে অভিনয় বা শুটিং করেন, এটাই দাবি।’
উল্লেখ্য, কয়েক দিন ধরে ঢাকায় ফেলুদা ধারাবাহিকের শুটিং করছেন ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ধারাবাহিকটি প্রযোজনা করেছে এ দেশের প্রযোজনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশনস ও টম ক্রিয়েশন। সাধারণ ডায়েরিতে এই ব্যাপারটি তুলে ধরেছেন গাজী রাকায়েত।