জিতের সঙ্গে নুসরাত ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

কথা ছিল, বাদশা ছবিতে কলকাতার অভিনেতা জিৎ-এর বিপরীতে অভিনয় করবেন জাজ আবিষ্কৃত নতুন নায়িকা জলি। কিন্তু জলির ভাগ্যের শিকে ছিঁড়ল না। শেষমেশ ভাগ্যদেবী সুপ্রসন্ন হলো নুসরাত ফারিয়ার।
সর্বশেষ খবর হলো, বাদশা ছবিতে জিতের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এরই মধ্যে প্রথা অনুযায়ী চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নিজেই।
এই ছবিতে জলির পরিবর্তে ফারিয়াকে নেওয়া প্রসঙ্গে আবদুল আজিজ বললেন, ‘আমরা জলিকে নিয়েই শুরু করতে চেয়েছিলাম। এ জন্য তাঁকে প্রস্তুতিও নিতে বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তুতির কোনো ফলাফল পাইনি। তাই ফারিয়াকে নেওয়া হয়েছে।’
কলকাতায় ঢের পরিচিতি পাওয়া নুসরাত ফারিয়া জিতের সঙ্গে অভিনয় করার ব্যাপারে বললেন, ‘আমার জন্য ভালো খবর। ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে। আশা করছি, সবকিছু ঠিকমতোই হবে।’
‘নুসরাত ফারিয়া ইন, জলি আউট’—এ-সংক্রান্ত ব্যাপারে জলি কিছু বলতে চাননি।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বাদশা ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এস কে মুভিজ।
ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব। কলকাতা থেকে মুঠোফোনে তিনি জানিয়েছেন, আগামী ১ মার্চ বাংলাদেশের লোকেশনে ছবিটির শুটিং শুরু হতে পারে।