জিপি-এয়ারটেলে আসিফের 'জান রে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ
আসিফ

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলে গ্রাহকরা এবার সংগীতশিল্পী আসিফের নতুন অ্যালবামের গান শুনতে পাবেন। আগামী রোববার নতুন অ্যালবামের ছয়টি গান গ্রামীণফোন ও এয়ারটেলের মিউজিক স্টেশনে আপ করা হবে বলে জানিয়েছেন আসিফ।
আসিফের এবারের অ্যালবামের নাম জান রে। যদিও শুরুতে অ্যালবামটির নাম রেখেছিলেন নুরজাহান। বললেন, ‘আমার শ্রোতারা সব সময় আমাকে মেলোডি ও রোমান্টিক গায়ক হিসেবেই পেতে চায় বেশি। জান রে শিরোনামের গানটি সেই মেজাজেরই। কিন্তু ‘নূরজাহান’ গানটা হার্ড রক ধাঁচের। তাই শেষ মুহূর্তে এসে নামটা পালটালাম।’
আসিফ আরও বলেন, ‘নতুন অ্যালবামের জন্য শুরুতে ১৪ টি গান রাখার কথা ভেবেছিলাম। কিন্তু সবগুলো গান পছন্দসই না হওয়াতে ছয়টি গান দিয়ে অ্যালবামটি ছাড়ার সিদ্ধান্ত নিলাম। এখন থেকে বছরে একটা অ্যালবামই বের করব। এমনও হতে পারে, একটা গান নিয়েই একটি সিডি প্রকাশ করব।’ আসিফ বলেন, ‘বিপণনের বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য ভিতটা গড়ে যেতে চাই।’
জান রে অ্যালবামের গানের শিরোনাম হচ্ছে - ‘মস্ত বড় ভুল’, ‘নূরজাহান’, ‘জান রে’, ‘দস্যি ছেলে’ ও ‘নেশা’, ভুলে থাক পোড়ামন’। গানের কথা লিখেছেন রাসেল আশিকী, বাকীউল আলম, শহীদুল্লাহ ফরায়জী, রাজীব আহমেদ ও মারুফ রসূল। সুর ও সংগীত পরিচালনা করেছেন লাকী আখন্দ, নাজির মাহমুদ, উজ্জ্বল সিনহা ও রানা।
কবে নাগাদ সিডি আকারে অ্যালবামটি শ্রোতারা হতে পাবেন জানতে চাইলে আসিফ বলেন, বছরের ডিসেম্বরে সিডি আকারে ‘জান  রে’ অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছে আছে।’
‘জান রে’ সংগীতশিল্পী আসিফের ত্রিশতম একক গানের অ্যালবাম। গত বছর প্রকাশিত হয় তাঁর ২৯ তম একক এক্সপ্রেম।