জিমি হেনড্রিক্সের অপ্রকাশিত গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক সংগীতের ইতিহাসে অন্যতম সফল গায়ক ও গিটারবাদক জিমি হেনড্রিক্সের অপ্রকাশিত ১২টি গান নিয়ে আগামী বছর প্রকাশিত হতে যাচ্ছে নতুন অ্যালবাম ‘পিপল, হেল অ্যান্ড অ্যাঞ্জেলস’। ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে মারা যাওয়ার আগে গানগুলোর কাজ শুরু করেছিলেন হেনড্রিক্স। ২০১৩ সালের ৫ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে ‘পিপল, হেল অ্যান্ড অ্যাঞ্জেলস’। সম্প্রতি এর সত্যতা নিশ্চিত করা হয়েছে জিমি হেনড্রিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে। এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি। সর্বকালের অন্যতম সেরা গিটারবাদক হিসেবে উচ্চারিত হয় জিমি হেনড্রিক্সের নাম। ১৯৬৬ সালে তিনি গঠন করেন ‘জিমি হেনড্রিক্স এক্সপেরিয়েন্স’ ব্যান্ড। শুরু থেকেই হেনড্রিক্স ও তাঁর ব্যান্ডের গানে প্রাধান্য পেয়েছে গিটারের কাজ। ১৯৬৮ সালে প্রকাশিত ‘ইলেকট্রিক লেডিল্যান্ড’ অ্যালবাম প্রকাশের পর গানের সংগীতায়োজনে ভিন্নতা আনার চেষ্টা করেন হেনড্রিক্স। তিনি গানে গিটারের কাজে প্রাধান্য না দিয়ে কিবোর্ড, পারকাশন, হর্নসহ অন্যান্য বাদ্যযন্ত্রনির্ভর গান তৈরিতে উদ্বুদ্ধ হন। হেনড্রিক্স নতুন আঙ্গিকের গান নিয়ে ‘ফার্স্ট রেস অব দ্য নিউ রাইজিং সান’ শিরোনামের অ্যালবাম বের করতে চেয়েছিলেন। কিন্তু অ্যালবামের কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। পরে তাঁর রেখে যাওয়া রেকর্ড ও নোট অনুযায়ী যথাসম্ভব তাঁর ভাবনার মতো করে অ্যালবামটি প্রকাশ করা হয় ১৯৯৭ সালে। ১৯৬৮ ও ১৯৬৯ সালে হেনড্রিক্স আরও কয়েকটি গানের কাজ হাতে নিয়েছিলেন। অপ্রকাশিত সেসব গান নিয়েই এবার প্রকাশিত হতে যাচ্ছে ‘পিপল, হেল অ্যান্ড অ্যাঞ্জেলস’ অ্যালবামটি।