জিয়া খানকে হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া খান
জিয়া খান

প্রয়াত বলিউডের অভিনেত্রী জিয়া খানকে হত্যার অভিযোগে বোম্বে উচ্চ আদালতে মামলা করলেন তাঁর মা রাবেয়া আমিন। তাঁর মেয়েকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

চলতি বছরের ৩ জুন মুম্বাইয়ের জুহুতে নিজ বাসা থেকে জিয়া খানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কয়েক দিন পর প্রেমিক সুরজ পাঞ্চোলিকে দায়ী করে জিয়ার লেখা সুইসাইড নোট খুঁজে পান তাঁর বোন। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন জিয়ার মা অভিনেত্রী রাবেয়া আমিন। দুদিন পর জিয়ার আত্মহত্যায় প্ররোচনার দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় সুরজকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন জেলের চার দেয়ালে বন্দী থাকার পর জামিনে মুক্তি পান বলিউডের প্রভাবশালী ও বিতর্কিত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ।

জিয়াকে হত্যার অভিযোগে রাবেয়া আমিন মামলাটি করেছেন ১ অক্টোবর। এ প্রসঙ্গে তাঁর আইনজীবী দীনেশ তিওয়ারির উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানিয়েছে, আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুলিশের তদন্ত প্রশ্নবিদ্ধ ও একপেশে উল্লেখ করে রাবেয়া দাবি করেছেন, প্রভাব খাটিয়ে সুরজের পক্ষে তদন্তের ফলাফল প্রকাশ করানো হয়েছে পুলিশকে দিয়ে। এজন্য নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন রাবেয়া। তিনি চান, এবার যেন তদন্তের দায়িত্ব নেয় ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

মৃত্যুর পর জিয়ার ঠোঁটের ডান পাশে ও হাতে আঘাতের চিহ্নসহ আরও কিছু কারণ দেখিয়ে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে মামলা দায়ের করেছেন রাবেয়া আমিন।

প্রসঙ্গত, জিয়া খান শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ ছবিতে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৭ সালে অভিনয় করেন রাম গোপাল ভার্মার ‘নিঃশব্দ’ ছবিতে। ছবিটিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে সবার নজর কাড়েন জিয়া। পরে অভিনয় করেন ‘গজনি’ (২০০৮) ও ‘হাউসফুল’ (২০১০) ছবিতে। ২৫ বছর বয়সী জিয়া খানের বেড়ে ওঠা যুক্তরাজ্যে। চলতি বছর মা রাবেয়া আমিনের সঙ্গে যুক্তরাজ্য থেকে মুম্বাইয়ে চলে আসেন তিনি। থাকতেন জুহু বিচ-সংলগ্ন সাগর সংগীত নামের একটি অ্যাপার্টমেন্টে।

যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও বলিউডে ডুবন্ত ক্যারিয়ার নিয়ে অনেক দিন থেকেই হতাশায় ভুগছিলেন জিয়া খান। গত বছরও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। কবজির রগ কেটে মৃত্যু ঘটানোর চেষ্টা করলেও, সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন বলিউডের উঠতি এ অভিনেত্রী।

গত ৩ জুন মৃত্যুর কিছুক্ষণ আগে জিয়া সর্বশেষ ফোনে কথা বলেছিলেন সুরজের সঙ্গে। তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। এমনকি জীবনের শেষ চিঠিতে প্রেমিক সুরজের বিষয়ে নানা গুরুতর অভিযোগ করে যান জিয়া। সেগুলোর মধ্যে প্রতারণা, ধর্ষণ ও গর্ভপাতের মতো বিষয়ও ছিল। জিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও বয়সে ২০ বছরের বড় এক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েছিলেন সুরজ। পাঞ্চোলি পরিবারে গয়না সরবরাহ করতেন ওই নারী। সুরজের অনেক অত্যাচার মুখ বুজে সইলেও প্রেমিকের কাছ থেকে প্রতারণার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি জিয়া।